Slow Travel : চেকলিস্ট ভ্রমণের যুগ শেষ! জেন-জির হাত ধরে পর্যটনে নতুন ট্রেন্ড ‘স্লো ট্রাভেল’

অফবিট ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: দিন কয়েকের ছুটি মানেই ঠাসা পরিকল্পনা, একগাদা জায়গার নাম আর সময়ের সঙ্গে দৌড়। বহুদিন ধরেই ভ্রমণ বলতে বোঝানো হয়েছে— কম সময়ে বেশি স্পট দেখা। আজ এই লেক, কাল ওই পাহাড়, পরশু আরেক শহর। চেকলিস্টে টিকচিহ্ন দিতে দিতেই শেষ হয়ে যায় ছুটি (Slow Travel)। কিন্তু প্রশ্ন উঠছে— এ কি সত্যিই ভ্রমণ? নাকি কেবল এক ধরনের ক্লান্তিকর দৌড়? এই ভাবনার মাঝেই পর্যটন দুনিয়ায় জায়গা করে নিচ্ছে এক নতুন দর্শন। নাম ‘স্লো ট্রাভেল’ (Slow Travel)। অর্থাৎ ধীরে চলা, কম জায়গা দেখা, কিন্তু গভীরভাবে অনুভব করা।

আরও পড়ুন : Saraswati Puja Weather Update : কনকনে শীতে ‘ফুল স্টপ’! সরস্বতী পুজোর মুখে কলকাতায় আবহাওয়া কেমন? জানুন এখনই

আজকের প্রজন্ম, বিশেষ করে জেন-জি (Gen Z Travel Trend), ভ্রমণের সংজ্ঞাটাই বদলে দিচ্ছে। তাদের কাছে পাঁচ দিনে দশটা গন্তব্য ছোঁয়া আর আকর্ষণীয় নয়। বরং একটি জায়গায় বেশি সময় কাটানো, স্থানীয় জীবনকে কাছ থেকে চেনা, সেই জায়গার সংস্কৃতি আর দৈনন্দিন ছন্দে নিজেকে মিশিয়ে নেওয়াই এখন প্রাধান্য পাচ্ছে। এতে শরীর যেমন কম ক্লান্ত হয়, তেমনই মনও পায় বিশ্রাম। খরচের চাপও তুলনামূলকভাবে কমে আসে। সাম্প্রতিক সমীক্ষা বলছে, প্রায় ৮৪ শতাংশ পর্যটক এখন বিলাসবহুল হোটেলের চেয়ে ফার্ম স্টে, হোমস্টে বা গ্রামীণ আবাসে থাকতে বেশি আগ্রহী। পাহাড়ি ট্রেইল, সবুজ মাঠ, মাটির ঘ্রাণ আর খোলা আকাশ— এই সবই আজকের ভ্রমণপিপাসুদের কাছে বিলাসিতার নতুন সংজ্ঞা। বিদেশি পর্যটন প্ল্যাটফর্মগুলিতেও ‘রুরাল ট্যুরিজম’ বা ‘সাসটেইনেবল ট্রাভেল’-এর খোঁজ বেড়েছে চোখে পড়ার মতো (Rural Tourism)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

স্লো ট্রাভেল মানে শুধু গন্তব্য বদল নয়, মানসিকতার বদল। এখানে ভ্রমণ মানে নিজেকে নতুন করে আবিষ্কার করা (Slow Travel)। ভিড়ের মধ্যে ছবি তোলার তাড়াহুড়ো নয়, বরং ধীরে হাঁটা, অচেনা মুখের সঙ্গে গল্প, স্থানীয় খাবারের স্বাদ আর নতুন সংস্কৃতির সঙ্গে পরিচয়। এক কথায়, শান্তির সন্ধান। কেন এই পরিবর্তন? বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের ইঁদুরদৌড়, ডিজিটাল চাপ আর যান্ত্রিক জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতেই জেন-জি (Gen Z Travel Trend) এখন সহজ, ধীর আর অর্থবহ অভিজ্ঞতা খুঁজছে। বড় শহরের কোলাহল ছেড়ে ছোট জনপদে সময় কাটানোয় যেমন খরচ কম, তেমনই মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা আরও গভীর হয়। ২০২৬ সালে দাঁড়িয়ে পর্যটন দুনিয়া যেন একটাই বার্তা দিচ্ছে— দৌড় নয়, এবার একটু থামো। ধীরে চলো। কারণ ভ্রমণ মানে আর শুধু ঘোরা নয়, ভ্রমণ মানে ভালো করে বেঁচে থাকা (Slow Travel)।