নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার, ২১ জানুয়ারি শুটিং সেটেই আচমকাই অসুস্থ হয়ে পড়েন টেলিপর্দার জনপ্রিয় মুখ ‘বাহামণি’ খ্যাত অভিনেত্রী রণিতা দাস (Ranita Das)। জানা গিয়েছে, সেদিন ‘ও মন দরদিয়া’ ধারাবাহিকের শুটিং চলাকালীন হঠাৎ মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করেন তিনি। মুহূর্তের মধ্যেই পরিস্থিতির অবনতি হওয়ায় সহকর্মীদের তৎপরতায় রণিতাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে তার অনুরাগী ও টেলিদর্শকদের মধ্যে। উৎসবের মরশুমে, বিশেষ করে সরস্বতী পুজোর দিনে হাসপাতালের বেডে শুয়ে থাকতে হওয়ায় মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন অভিনেত্রী (Ranita Das)। তবে এই কঠিন সময়ে অনুরাগীদের ভালোবাসা ও প্রার্থনাই যে তাকে শক্তি জোগাচ্ছে, সে কথা স্পষ্টভাবে জানিয়েছেন রণিতা (Ranita Das)। হাসপাতাল থেকেই নিজের বর্তমান অবস্থার কথা সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাগ করে নেন তিনি। শেয়ার করা ছবিতে দেখা যায়, হাতে স্যালাইনের চ্যানেল করা, আরেকটি ছবিতে হাসপাতালের বেডে শুয়ে একরাশ ক্লান্তি নিয়ে শূন্যে তাকিয়ে রয়েছেন অভিনেত্রী (Ranita Das)।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রণিতা (Ranita Das) লেখেন, এই সময়টা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। তবে যারা তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, তাদের কাছে তিনি অনুরোধ করেছেন আরও একটু ভরসা আর সাহস জোগানোর জন্য। কারণ ভিতরের ছোট্ট শিশুসত্তা এখনও সূঁচ আর রক্ত দেখলে ভয়ে কেঁপে ওঠে বলেও অকপটে স্বীকার করেন তিনি। রণিতা (Ranita Das) আরও জানান, ঈশ্বর আমাদের জীবনে কিছু বিশেষ মুহূর্ত এনে দেন, যাতে আমরা বুঝতে পারি কোথায় আমরা সত্যিই মানসিকভাবে নিরাপদ এবং কোথায় নই। এই মুহূর্তে তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর ভরসা রেখেছেন এবং বিশ্বাস করেন, তিনিই তার যত্ন নিচ্ছেন। পাশাপাশি যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে আবার শুটিং ফ্লোরে ফেরার চেষ্টার কথাও জানিয়েছেন অভিনেত্রী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
বর্তমানে ‘ও মন দরদিয়া’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণিতা দাস (Ranita Das)। তার অসুস্থতার কারণে ধারাবাহিকের শুটিং ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলেও, সহকর্মী ও প্রযোজনা সংস্থার তরফে তার স্বাস্থ্যের দিকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। টেলিপাড়ার সহকর্মী থেকে শুরু করে অসংখ্য অনুরাগী— সকলেই রণিতার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।
