নিউজ পোল ব্যুরো: ২৩ জানুয়ারি, শুক্রবার, বসন্ত পঞ্চমীর শুভ সন্ধ্যাতেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarkar Wedding)। শৈশবের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর (Devmalya Chakraborty) সঙ্গে গোধূলি লগ্নে সাতপাঁকে বাঁধা পড়বেন তিনি। মাসখানেক ধরে শুটিংয়ের ফাঁকে ফাঁকে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে যাবতীয় আয়োজন সামলেছেন মধুমিতা (Madhumita Sarkar Wedding)। আর এবার অপেক্ষার অবসান। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বদলে যেতে চলেছে তার জীবনের পরিচয়। বিয়ের দিন সকাল থেকেই ব্যস্ততায় ঠাসা সময় কাটছে অভিনেত্রীর। স্বাভাবিকভাবেই তার অনুরাগীদের কৌতূহল তুঙ্গে—কেমন কাটছে মধুমিতার বিয়ের সকাল?(Madhumita Sarkar Wedding) জানা গিয়েছে, বারুইপুরে অভিনেত্রীর এক আত্মীয়ের বাড়িতেই বসছে বিয়ের আসর। তার আগের দিন, বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতে জমিয়ে আইবুড়ো ভাতের অনুষ্ঠান সেরেছেন টলিপাড়ার দুষ্টু-মিষ্টি নায়িকা।
আইবুড়ো ভাতের জন্য প্যাস্টেল শেডের গোলাপি শাড়িতে ধরা দিয়েছেন মধুমিতা (Madhumita Sarkar Wedding)। সঙ্গে মানানসই সোনার গয়না, ছিমছাম মেকআপে ছিল এক আলাদা উজ্জ্বলতা। ক্যামেরার সামনে পেল্লাই সাইজের মাছের মুড়ো হাতে পোজ দিয়ে মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলেছেন তিনি। গাঁদাফুলে সাজানো অনুষ্ঠানের আসরে নজর কেড়েছে কাঁসার থালায় সাজানো ঐতিহ্যবাহী বাঙালি ভোজ। মেন্যুতে ছিল ভাত, স্যালাড, পাঁচ রকমের ভাজা, বেগুনি, ফিশ ফ্রাই, ডাল, একাধিক মাছের পদ এবং শেষপাতে পায়েস।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অন্যদিকে, একই দিনে বৃদ্ধির রীতি সম্পন্ন করেছেন হবু বর দেবমাল্য চক্রবর্তিও (Devmalya Chakraborty)। সাদা পাঞ্জাবি-পায়জামা, মাথায় শোলার টোপর—পরিবারের সদস্যদের ঘিরে নিষ্ঠাভরে সমস্ত নিয়ম পালন করতে দেখা গিয়েছে তাকে। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবমাল্যের সঙ্গে মধুমিতার বন্ধুত্ব ছোটবেলা থেকেই। তবে প্রেমের সম্পর্ক শুরু হয় প্রায় দু’বছর আগে। বসন্ত পঞ্চমীর সন্ধ্যায় ‘মধুরেণ সমাপয়েতে’র মধ্য দিয়ে শুরু হতে চলেছে মধুমিতার দ্বিতীয় দাম্পত্য জীবন। অতীতের বিচ্ছেদের যন্ত্রণা কাটিয়ে নতুন করে সুখের পথে হাঁটার সিদ্ধান্তে উচ্ছ্বসিত তার ভক্তরাও। শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তারা তাদের প্রিয় অভিনেত্রীকে।
