Iran: হোয়াইট হাউসের নিশানায় তেহরান, মার্কিন হুঁশিয়ারিতে কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: যে কোনও মুহূর্তে ইরানে (Iran) মার্কিন হামলার আশঙ্কা ক্রমশ বাড়ছে। সূত্রের খবর, মধ্যপ্রাচ্যে নতুন করে একটি বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান এবং একাধিক গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে ওয়াশিংটন। অন্যদিকে, ইজরায়েলও আকস্মিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যাচ্ছে। এই প্রেক্ষিতে ইরান (Iran) স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছে—যে কোনও আক্রমণের পরিণতি হবে ভয়াবহ এবং গোটা মধ্যপ্রাচ্য একটি বৃহত্তর সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) তরফে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন: Manirul Islam: মণিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ কমিশনের, দেওয়া হল নির্দিষ্ট ‘ডেডলাইন’

একাধিক মার্কিন সংবাদমাধ্যমের দাবি, আমেরিকা (America) তাদের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আরও শক্তিশালী করছে, যেটি মূলত মধ্যপ্রাচ্যের সামরিক অভিযানগুলির তদারকি করে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এফ-১৫ই যুদ্ধবিমান এবং বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ইরানের কাছাকাছি আনা হয়েছে। পাশাপাশি, গোটা অঞ্চলে বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করেছে আমেরিকা। ফলে আন্তর্জাতিক মহলে নতুন করে যুদ্ধের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে।

কিছুদিন আগেও মনে করা হচ্ছিল যে যুদ্ধের আশঙ্কা আপাতত কাটছে। ইরানে সরকারবিরোধী আন্দোলনে যুক্ত আটশোর বেশি বিদ্রোহীর মৃত্যুদণ্ড ঘোষণার সিদ্ধান্ত তেহরান প্রত্যাহার করায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে মনে করা হয়েছিল। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পও। এমনকি সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চ থেকে তিনি বলেছিলেন, এই সিদ্ধান্ত স্থায়ী হলে ইরানের সঙ্গে যুদ্ধের প্রয়োজন পড়বে না। তাই অনেকেই ধারণা করেছিলেন, আমেরিকা হয়তো চূড়ান্ত সামরিক পদক্ষেপ থেকে সরে আসছে।

কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই ধারণায় ভাঙন ধরিয়েছে। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের বিরুদ্ধে গড়ে ওঠা বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের জেরে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আগেই হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তাঁর বক্তব্য ছিল, পরিস্থিতি আরও খারাপ হলে আমেরিকাকে সরাসরি মাঠে নামতেই হবে। যদিও মৃত্যুদণ্ডে সাময়িক বিরতির সিদ্ধান্ত পরিস্থিতিকে কিছুটা অন্য দিকে ঘুরিয়ে দিয়েছিল, তবু এখন আবার ছবিটা বদলাতে শুরু করেছে।

বাস্তবে আমেরিকা ইরানে (Iran) হামলা চালাবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে মধ্যপ্রাচ্যের আকাশে যে নতুন করে যুদ্ধের মেঘ জমছে, তা মানছেন আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকদের একাংশ। অনেকের চোখেই ইতিমধ্যে দেখা যাচ্ছে ‘সিঁদুরে মেঘ’।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole