নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার বাংলাদেশে (Bangladesh) জাতীয় নির্বাচন। তার ঠিক আগেই ফের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে উত্তাল প্রতিবেশী দেশ। অভিযোগ উঠেছে, ভোটের আগে আরও এক হিন্দু ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচনের মুখে বাংলাদেশের (Bangladesh) হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মন জয়ের উদ্যোগ নিল মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
গত বছরের ডিসেম্বর মাসে ময়মনসিংহের ভালুকা এলাকায় খুন করা হয়েছিল পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে। সেই ঘটনার কয়েক মাস পর তাঁর পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করল অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শুধু আর্থিক অনুদান নয়, দীপু দাসের পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণের কথাও জানানো হয়েছে।
আরও পড়ুন: Awas Yojana funds: অন্য রাজ্যেও নজরদারি, তবুও টাকা পাচ্ছেনা বাংলা! কেন্দ্রকে তোপ রাজ্যের
উল্লেখ্য, ১৮ ডিসেম্বর ময়মনসিংহের (Bangladesh) ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় দীপু দাসকে প্রকাশ্যে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। অভিযোগ, ধর্ম নিয়ে কটূক্তির অজুহাতে তাঁকে নির্মমভাবে খুন করা হয়েছিল। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে বাংলাদেশের পাশাপাশি ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারকে কড়া বার্তাও দিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক।
নির্বাচনের প্রাক্কালে সেই দীপু দাসের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করল ইউনূস সরকার। মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে মুহাম্মদ ইউনূস জানান, সরকারের পক্ষ থেকে দীপু দাসের বাবা এবং স্ত্রীকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি তাঁর সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার জন্য ৫ লক্ষ টাকার একটি স্থায়ী আমানত (FDR) করা হবে। এছাড়াও পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণে ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এই বাড়ি নির্মাণের কাজ বাস্তবায়ন করবে।
কেন এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, তাও স্পষ্ট করেছেন ইউনূস। তিনি জানান, দীপু দাস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সেই কারণেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। দীপু দাসের হত্যাকাণ্ডকে ‘নৃশংস অপরাধ’ বলে উল্লেখ করে ইউনূস বলেন, এই ঘটনা গোটা জাতির জন্যই লজ্জাজনক। তিনি আশ্বাস দিয়েছেন, এই মামলায় সুবিচার নিশ্চিত করা হবে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর মধ্যেই ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ময়মনসিংহে। সোমবার রাতে ত্রিশাল এলাকায় সুসেনচন্দ্র সরকার নামে এক হিন্দু চাল ব্যবসায়ীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
