আন্তর্জাতিক ডেস্ক: বুধবার সকালে নাইজিরিয়া-র (Nigeria) প্লেটু রাজ্য-তে ভয়াবহ খনি দুর্ঘটনায় কেঁপে উঠল গোটা এলাকা। একটি কয়লা খনিতে কাজ চলাকালীন হঠাৎ তীব্র বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ২৭ জন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্লেটু রাজ্যের (Nigeria) বাশার জেলার পাহাড়ি অঞ্চলে অবস্থিত কাম্পানিন জরাক নামে পুরোনো একটি কয়লা খনিতে দীর্ঘদিন ধরেই শতাধিক শ্রমিক কাজ করতেন। খনির আশপাশে রয়েছে শ্রমিকদের বসতি। বুধবার সকালে প্রায় ৫০ জন শ্রমিক খনির ভিতরে কাজ করছিলেন। আচমকা বিস্ফোরণের বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যেই চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে শুরু হয় হুড়োহুড়ি।
বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন অন্য শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। খনির ভিতর থেকে একের পর এক শ্রমিকের দেহ উদ্ধার করা হয়।
খনির শ্রমিক ইব্রাহিম দাত্তিজো সানি জানান, বিস্ফোরণের পর চারপাশে ভয়াবহ দৃশ্য দেখা যায়। এদিকে স্থানীয় প্রশাসনের কর্তা আলহাজি আলিয়ু আদামু ইদ্রিস দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, “এখনও পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে এবং ২৭ জন চিকিৎসাধীন।”
প্রশাসন জানিয়েছে, সলিড ইউনিট নাইজিরিয়া লিমিটেড নামের একটি সংস্থা ওই খনির (Nigeria) পরিচালনার দায়িত্বে ছিল। তাদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খনির ভিতরে কার্বন মনোক্সাইড গ্যাস জমে ছিল। কোনওভাবে আগুনের সংস্পর্শে আসতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
উল্লেখযোগ্যভাবে, এই প্রথম নয়! গত বছর সেপ্টেম্বরেও উত্তর-পশ্চিম নাইজিরিয়ায় প্রবল বৃষ্টির কারণে খনিধসে ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। সাম্প্রতিক বছরগুলিতে প্লেটু রাজ্য জুড়ে অবৈধ খনির সংখ্যা বাড়ছে বলেও অভিযোগ উঠেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
