Mamata Banerjee: আগে নিজের চেয়ার বাঁচান! জ্ঞানেশ কুমারকে কড়া বার্তা মমতার

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাংলায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরু হওয়ার পর থেকেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যে এসে প্রশাসনিক বৈঠক করার পর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের অভিযোগ, রাজ্যের পুলিশ ও প্রশাসনের কর্তাদের বৈঠকে হুমকি দিয়েছেন সিইসি। পাশাপাশি ইভিএমে কারচুপির সম্ভাবনার কথাও তুলে তীব্র সমালোচনা করেন মমতা।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘লজ্জা ঢাকার জায়গা নেই!’ SIR ইস্যুতে মেজাজ হারালেন মমতা, মেট্রো চ্যানেলে শুরু অনির্দিষ্টকালীন ধরনা

নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে সোমবার নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ রাজনৈতিক দল ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে। তৃণমূলের প্রতিনিধিদলে ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ও রাজীব কুমার। সেই বৈঠক নিয়েই ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, বৈঠকে রাজ্যের অফিসারদের প্রতি কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে। মেট্রো চ্যানেলে ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কমিশনের তরফে নাকি মে মাসের পরেও ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, “মে মাসের পর আপনার চেয়ার থাকবে তো? আগে নিজের চেয়ার বাঁচান, তারপর বাংলার অফিসারদের হুমকি দিন।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘SIR’ প্রক্রিয়া চলাকালীন বহু মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু এ বিষয়ে নির্বাচন কমিশনের তরফে কোনও মন্তব্য শোনা যায়নি। তাঁর প্রশ্ন, এত বড় ঘটনার পরও কেন কমিশনের নীরবতা? এছাড়াও নিউ টাউনের যে হোটেলে কমিশনের সদস্যরা উঠেছেন, সেটি নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। তাঁর দাবি, বিজেপির শীর্ষ নেতারা প্রায়ই ওই হোটেলে থাকেন। ফলে এই বিষয়টি কাকতালীয় কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। তবে বিজেপির পাল্টা দাবি, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তৃণমূল ভোটের আগে অযথা বিতর্ক তৈরি করছে।