রাজ্যে নারীপাচার প্রতিরোধে বিশেষ টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করলেন মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। রবিবার শিলিগুড়ির উত্তরকন্যায় নিজের দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, পুলিশ, প্রশাসন, সংশ্লিষ্ট দপ্তর এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এই টাস্ক ফোর্স গঠন করা হবে। একইসঙ্গে জনপরিসর পরিচ্ছন্ন রাখতে আগামী ১ সেপ্টেম্বর থেকে একাধিক ক্ষেত্রে জরিমানা আরোপের কথাও ঘোষণা করেন মন্ত্রী।
আরও পড়ুন:TASMAC-এ কোটি কোটি টাকার দুর্নীতি? মুখ্যমন্ত্রী বিজয়ের প্রথম বৈঠকেই কড়া নির্দেশ, তোলপাড় তামিলনাড়ু
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) বলেন, রাজ্যে অল্পবয়সে বিয়ের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে বহু নাবালিকা অকাল মাতৃত্বের ঝুঁকিতে পড়ছে। পাশাপাশি কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে মহিলাদের পাচারের ঘটনাও সামনে আসছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক তৎপরতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। মন্ত্রীর মতে, অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সীমান্তবর্তী ও স্পর্শকাতর এলাকাগুলিতে ধারাবাহিক সচেতনতামূলক প্রচারাভিযান চালানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
নারীপাচার সংক্রান্ত তথ্য সংগ্রহ ও রিপোর্টিং প্রসঙ্গে পূর্ববর্তী সরকারের সমালোচনা করে মন্ত্রী অভিযোগ করেন, অতীতে এই বিষয়ে ভুল ও বিভ্রান্তিকর রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল। বর্তমান সরকার বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করে কার্যকর পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর বলেও তিনি দাবি করেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
বর্ষা মরশুমের প্রাক্কালে নিকাশি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। শহর ও নগরাঞ্চলের পরিচ্ছন্নতা বজায় রাখতে একাধিক কঠোর সিদ্ধান্তের কথাও ঘোষণা করা হয়েছে। তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাস্তাঘাট নোংরা করা, যেখানে সেখানে আবর্জনা ফেলা, থুতু বা পানের পিক ফেলার বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে। একইসঙ্গে নির্ধারিত পার্কিং জোনের বাইরে যানবাহন পার্ক করলেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া ভোট উপলক্ষে লাগানো বিভিন্ন হোর্ডিং, ব্যানার ও ফ্লেক্স অবিলম্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি হোর্ডিং সরিয়ে তার পরিবর্তে ডিজিটাল হোর্ডিং স্থাপনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। সরকারি রাজস্ব বৃদ্ধি এবং জনসচেতনতা প্রচারের উদ্দেশ্যে বাসস্ট্যান্ডগুলিকেও বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যম হিসেবে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিন কলকাতা পুরনিগমের মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফা প্রসঙ্গেও সরব হন অগ্নিমিত্রা পল। বর্ষার ঠিক আগে মেয়রের পদত্যাগকে তিনি ‘দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত’ বলে অভিহিত করেন। পাশাপাশি রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে ‘টুকরে টুকরে গ্যাং’ বলেও মন্তব্য করেন তিনি।
