দুর্গাপুজোতেও দুর্নীতির ছায়া? ইউনেস্কোর নাম ভাঙিয়ে টিকিট বাণিজ্য! অভিযোগের কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তার স্ত্রী ।

breakingnews অপরাধ রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে নিয়েও দুর্নীতির অভিযোগ উঠল। সঙ্গীতশিল্পী ও প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারী আন্তর্জাতিক পর্যটন সংস্থার পরামর্শদাতা জয়দীপ মুখোপাধ্যায়। তিনি বউবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগে দাবি করা হয়েছে, ২০২২ সালে একটি সংস্থা গঠন করা হয়, যার নেতৃত্বে ছিলেন মধুছন্দা সেন। সেই সংস্থার পক্ষ থেকে প্রচার করা হয় যে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো তাদের সঙ্গে যুক্ত রয়েছে এবং বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করছে। অভিযোগকারীর দাবি, এই পরিচয়কে সামনে রেখেই দুর্গাপুজো উপলক্ষে বিশেষ ধরনের ‘প্রি-পুজো’ টিকিট বিক্রি করা হত।

অভিযোগ অনুযায়ী, ওই টিকিটের দাম ছিল তুলনামূলকভাবে বেশি এবং সাধারণ মানুষের কাছে সেটিকে বিশেষ সুযোগ হিসেবে তুলে ধরা হত। অভিযোগকারী আরও দাবি করেছেন, ইউনেস্কোর নাম ব্যবহার করে এই প্রচার চালানো হয়েছিল। এই দূন্নীতির কাণ্ডে শুধু ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী নন, অভিযোগে আরও কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে অভিযোগের সত্যতা এখনও আদালত বা তদন্তকারী সংস্থার মাধ্যমে প্রমাণিত হয়নি। ফলে বিষয়টি বর্তমানে তদন্ত চলছে। অন্যদিকে, এই অভিযোগ সামনে আসার পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। দুর্গাপুজোর মতো ঐতিহ্যবাহী উৎসবকে ঘিরে এমন অভিযোগ উঠায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

দুর্গাপুজোর আবেগের আড়ালে কি চলছিল অন্য খেলা? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। ইউনেস্কোর নাম জড়ানো এই বিতর্কে তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে কৌতূহল ও জল্পনা। অভিযোগের তির সরাসরি ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর দিকে, এবার তদন্তে সামনে আসে কি না নতুন তথ্য, সেদিকেই নজর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহের কাজও শুরু হয়েছে। তদন্ত শেষ হওয়ার পরই পুরো বিষয়টি সম্পর্কে স্পষ্ট ছবি পাওয়া যাবে এবং জানা যাবে দুর্গাপুজোর গৌরবের সঙ্গে জড়িয়ে থাকা এই বিতর্ক শেষ পর্যন্ত কতদূর গড়ায় । আপাতত এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে কৌতূহল ও চর্চা অব্যাহত রয়েছে।