নিউজ পোল ব্যুরো: ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) নতুন রাজনৈতিক দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’র নিবন্ধন প্রাথমিকভাবে মঞ্জুর করেছে ইলেকশন কমিশন (Election Commission)। পরবর্তী ধাপে দেশের বিভিন্ন সংবাদপত্রে দল গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও আপত্তি না এলে দলটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে। তারপরই নির্বাচন চিহ্নের জন্য আবেদন জানানো যাবে।
দলটির রেজিস্ট্রেশনের সুপারিশ করেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দপ্তর। সিইও সূত্রে জানা গিয়েছিল, প্রয়োজনীয় সমস্ত নথিপত্র ও আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করেছে ‘আম জনতা উন্নয়ন পার্টি’। রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য যে শর্তগুলি পূরণ করা দরকার, তা তারা মেনে চলেছে বলেই সুপারিশ পাঠানো হয় নির্বাচন কমিশনে।
আরও পড়ুন: KMC: বিনোদন কর আদায়ে এবার ‘অ্যাকশন মোডে’ লালবাজারের পড়শি! পুরসভার স্ক্যানারে শহরের নামী ক্লাব ও বার
সব কিছু ঠিক থাকলে ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন মঞ্জুর হতে পারে বলে অনুমান করা হচ্ছিল। তবে তার আগেই কমিশনের তরফে অনুমোদন মিলেছে। উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বর নিজের নতুন দলের নাম ও ইস্তেহার প্রকাশ করেছিলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। তাঁর (Humayun Kabir) দাবি অনুযায়ী, দলের স্বীকৃতির আবেদন আগেই জমা দেওয়া হয়েছিল।
জানা যাচ্ছে, দলের সম্ভাব্য সদর দপ্তর বেলডাঙা বা রেজিনগরে স্থাপন করা হতে পারে। প্রতীক নিয়েও আগেই ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন। ২০১৬ সালে নির্দল প্রার্থী হিসেবে ‘টেবিল’ প্রতীক নিয়ে ভোটে লড়েছিলেন তিনি। নতুন দলের ক্ষেত্রেও একই প্রতীক চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনই।
প্রসঙ্গত, প্রথমে দলের নাম রাখা হয়েছিল ‘জনতা উন্নয়ন পার্টি’। কিন্তু একই নামে অন্য একটি ছোট দল থাকায় নাম পরিবর্তন করতে হয়। পরবর্তীতে ‘আম জনতা উন্নয়ন পার্টি’ নামেই রেজিস্ট্রেশনের জন্য আবেদন জানানো হয় এবং সেটিই অনুমোদন পায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
