নিউজপোল ব্যুরোঃ উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলের একটি ঘর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। শুধুই টাকা নয় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আরও এক ঘটনা ঘিরে তা হল স্কুলের আলমারি থেকে কন্ডোমের প্যাকেটও উদ্ধার হয়েছে । এই দুই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে স্কুল চত্বরে তল্লাশি চালানো হয়। স্কুলের একটি দীর্ঘদিন বন্ধ থাকা ঘর থেকে একের পর এক টাকার বান্ডিল উদ্ধার হয়। প্রাথমিকভাবে গণনা করে প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকারও বেশি নগদ অর্থ পাওয়া গেছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া টাকার মধ্যে কয়েকটি বড় বান্ডিলে লক্ষ লক্ষ টাকা ছিল। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়। এত বিপুল পরিমাণ নগদ অর্থ একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ঘরে কীভাবে রাখা ছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তকারীরা টাকার উৎস, সংরক্ষণের কারণ এবং আর্থিক নথিপত্র খতিয়ে দেখছেন।
স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, উদ্ধার হওয়া অর্থ স্কুলের বিভিন্ন ফি ও ভর্তি বাবদ জমা হওয়া টাকা হতে পারে। তাঁর দাবি, সেই অর্থ ব্যাঙ্কে জমা দেওয়ার দায়িত্ব ছিল অ্যাকাউন্টস বিভাগের। কেন তা জমা হয়নি, সেটিও তদন্তের বিষয়। অন্যদিকে, স্কুলের সিকরুমের আলমারি থেকে কন্ডোমের প্যাকেট উদ্ধারের ঘটনাও নতুন প্রশ্ন তুলে দিয়েছে। সিকরুমে কন্ডোম এল কীভাবে? আর এত বিপুল নগদ অর্থই বা কেন রাখা ছিল স্কুলের ভিতরে? প্রশ্নের পর প্রশ্ন, বাড়ছে রহস্য। তদন্তে কি সামনে আসবে আরও বড় কোনও চমক? বিষয়টি স্বীকার করলেও কীভাবে সেগুলি সেখানে এল, সে সম্পর্কে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন।
কাঁচরাপাড়ার এই স্কুল ঘিরে বাড়ছে রহস্য। একের পর এক প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা। নেপথ্যে কি শুধুই প্রশাসনিক গাফিলতি, নাকি লুকিয়ে রয়েছে আরও বড় কোনও চমক? এখন সেদিকেই নজর সকলের। বর্তমানে পুরো ঘটনাটির তদন্ত করছে পুলিশ। তদন্তের পরই পরিষ্কার হবে এই ঘটনার নেপথ্যে ঠিক কারা জড়িত রয়েছে।
