নিউজপোল ব্যুরো:ফের আগুনের আতঙ্ক কলকাতায়। রবিবার সকালে চিৎপুরের নবাবপট্টি এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আচমকাই কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকে।
আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ১১টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিভিল ডিফেন্স, সিইএসসি এবং কলকাতা পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজে নামে।
রবিবার ছুটির দিন হওয়ায় ওই রাসায়নিক কারখানাটি বন্ধ ছিল। ফলে কারখানার ভিতরে কোনও কর্মী বা অন্য কেউ ছিলেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে কারখানার গেট গ্যাস কাটার দিয়ে ভাঙার কাজ শুরু হয়েছে।
রাসায়নিক কারখানা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে অত্যন্ত সতর্কতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকলকর্মীরা। একইসঙ্গে কারখানার ভিতরে থাকা রাসায়নিক পদার্থের কারণে কোনও বড় বিপদ তৈরি হচ্ছে কি না, তাও নজরে রাখা হচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে আগুনের সূত্রপাত, তা এখনও জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরই কারণ সম্পর্কে নিশ্চিতভাবে জানা যাবে বলে মনে করা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে চিৎপুরের নবাবপট্টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগুনের তীব্রতা এবং কারখানার ভিতরের পরিস্থিতির দিকে নজর রেখে উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান চালাচ্ছে প্রশাসন।
