নেপালে জলপ্রলয়ের ভয়াবহ হিসাব! ১৬০টি তাজা লাশ উদ্ধার, ১৫০০ জন নিখোঁজের তালিকায় আন্তর্জাতিক সীমান্তে হাহাকার

breakingnews আন্তর্জাতিক রাজ্য

নিউজপোল ব্যুরো: পাহাড়ি দেশ নেপালে হড়পা বানের তাণ্ডব যেন থামতেই চাইছে না। কয়েক ঘণ্টার ভয়াবহ জলস্রোতে একের পর এক এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়ছে মৃতের সংখ্যা, একই সঙ্গে বাড়ছে নিখোঁজদের তালিকাও। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ১৬০ জনের মৃত্যুর খবর মিলেছে। প্রায় ১৫০০ জনের কোনও সন্ধান নেই। তাঁদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক। নিখোঁজ ভারতীয় পর্যটকের সংখ্যাও প্রায় ৩০০ বলে জানিয়েছেন তিনি।

বুধবারের বিপর্যয়ে নেপালের একাধিক এলাকায় নদীর জল আচমকা বেড়ে যায়। প্রবল স্রোতের সঙ্গে কাদা, পাথর ও ধ্বংসাবশেষ নীচের দিকে নেমে এসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে। বহু রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজও কঠিন হয়ে পড়েছে। অনেক জায়গায় এখনও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। ফলে কোথায় কত মানুষ আটকে রয়েছেন, সেই সম্পূর্ণ হিসাব প্রশাসনের কাছেও এখনও পরিষ্কার নয়।

বিদেশমন্ত্রী জানিয়েছেন, বিপর্যয়ের প্রকৃত ক্ষয়ক্ষতি এখনও হিসাব করা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য অনুযায়ী, কয়েক ঘণ্টার মধ্যেই একাধিক শহর ও গ্রাম ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু পরিবার ঘরবাড়ি হারিয়েছেন। নিখোঁজদের খোঁজে প্রশাসন ও নিরাপত্তাবাহিনী একযোগে কাজ করছে। বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে, যাতে বিদেশি নাগরিকদের অবস্থান সম্পর্কে দ্রুত তথ্য পাওয়া যায়। এই বিপর্যয়ে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হয়ে উঠেছে পর্যটক ও তীর্থযাত্রীদের নিরাপত্তা। কৈলাস-মানস সরোবর যাত্রার পথে নেপালের ওই অঞ্চল দিয়ে বহু ভারতীয় যাতায়াত করেন। তাঁদের মধ্যে প্রায় ৩০০ জনের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে খবর। নেপাল সরকার জানিয়েছে, বিদেশি নাগরিকদের নিরাপদে উদ্ধার করাও তাদের অন্যতম অগ্রাধিকার।

শুধু ভারতীয় নয়, বিভিন্ন দেশের পর্যটকদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। পাওয়া তথ্য অনুযায়ী, আমেরিকার ৪৭ জন, ব্রিটেনের ৩৩ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন এবং কানাডার ২৪ জন নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। নেপালের নিরাপত্তাবাহিনীরও প্রায় ৯১১ জন কর্মীর খোঁজ মিলছে না বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে, উদ্ধারকাজে নেমেছে নেপালের সেনাবাহিনী। দুর্গম এলাকা থেকে আটকে পড়া মানুষদের বের করে আনার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত ২১ জন ভারতীয়-সহ মোট ১১৬ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। বিপর্যস্ত এলাকায় পৌঁছে খাবার, জল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার কাজও চলছে।

নেপালের এই ভয়াবহ পরিস্থিতিতে ভারতও সাহায্যের হাত বাড়িয়েছে। ইতিমধ্যে প্রায় ১০ টন ত্রাণসামগ্রী নেপালে পৌঁছেছে। ভারতীয়দের নিরাপত্তা ও উদ্ধারের বিষয়টি নিয়ে দুই দেশের প্রশাসনের মধ্যে যোগাযোগ রয়েছে। নেপালের বিদেশমন্ত্রীও ভারতের পাঠানো ত্রাণ সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।