আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড! দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সরকারি ভবনে দাউদাউ আগুন। হঠাৎ কালো ধোঁয়া বের হতেই প্রাণভয়ে রাস্তায় ছুটলেন কর্মীরা

breakingnews কলকাতা

নিউজপোল ব্যুরো: বুধবার সকালে আলিপুরের দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের প্রশাসনিক ভবনে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আলিপুর কোর্ট সংলগ্ন বহুতল সরকারি অফিস ভবন থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মী ও স্থানীয়দের মধ্যে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল ১০টার কিছু আগে ভবনের একটি তলায় থাকা এসি থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের উপরের কয়েকটি অংশে। দ্রুত ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। অফিসে থাকা কর্মীরা নিরাপদে বাইরে বেরিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবনের বিভিন্ন অংশ পরীক্ষা করে দেখেন যাতে আগুন অন্যত্র ছড়িয়ে না পড়ে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসির শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। তবে কী কারণে এই ঘটনা ঘটল, তা জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
স্বস্তির খবর, এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোনও আহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন এবং ধোঁয়ার কারণে অফিসের কিছু অংশে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট দপ্তর কাজ শুরু করেছে। সরকারি ভবনে আগুন লাগার ঘটনায় প্রশাসনিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না হয় তাই বৈদ্যুতিক ব্যবস্থা ও অগ্নি-নিরাপত্তা পরিকাঠামো আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে। তদন্তের রিপোর্ট সামনে এলে আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য জানা যাবে।