শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিশিষ্ট সমাজকর্মী আন্না হাজারে (Anna Hazare) –কে। সোমবার তাঁকে বম্বে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে। ভাইরাল সংক্রমণ, ডিহাইড্রেশন এবং কিডনি সংক্রান্ত সমস্যার কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
জানা গিয়েছে, মহারাষ্ট্রের রালেগাঁও সিদ্ধিতে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত মুম্বইয়ে নিয়ে আসা হয়। এরপর বম্বে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসক গৌতম ভানসালির তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনের অন্যতম পরিচিত মুখ আন্না হাজারে। সমাজ ও গ্রামীণ উন্নয়নে অবদানের জন্য ১৯৯২ সালে তাঁকে পদ্মভূষণ (Padma Bhushan) সম্মানে ভূষিত করে ভারত সরকার। ২০১১ সালে তাঁর নেতৃত্বে লোকপাল বিল কার্যকর করার দাবিতে দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। তথ্যের অধিকার আইন বা RTI Act-এর পক্ষেও দীর্ঘদিন আন্দোলন করেছেন তিনি। পাশাপাশি রালেগাঁও সিদ্ধিকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে জল সংরক্ষণ, বৃক্ষরোপণ ও নেশামুক্তির মতো একাধিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।
তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ তৈরি হয়েছে অনুরাগী ও সমর্থকদের মধ্যে। তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন বহু শুভানুধ্যায়ী।
