মহাকাশে পা রাখার পর এবার ভিনগ্রহে মানুষের বসতি তৈরির ভাবনায় কাজ করছেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। চাঁদ ও মঙ্গলের মতো প্রতিকূল পরিবেশে ভবিষ্যতে মহাকাশচারীরা কোথায় থাকবেন, কীভাবে নিরাপদে জীবনযাপন করবেন—এই প্রশ্নের উত্তর খুঁজতেই তৈরি হয়েছে ‘ভীম’ বা BHEEM (Bhartiya Extraterrestrial Expandable Modular Habitat) ধারণা।
রাশিয়া থেকে প্রশিক্ষণ শেষে ভারতে ফিরে মহাকাশচারী হিসেবে প্রস্তুতি নেওয়ার সময় এই গবেষণার সঙ্গে যুক্ত হন শুভাংশু। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের (IISc) অলোক কুমারের ল্যাবে তৈরি হয় এই বাসস্থানের ধারণা।
‘ভীম’-এর মূল লক্ষ্য হল, পৃথিবী থেকে ভাঁজ বা compact অবস্থায় বাসস্থানের উপকরণ চাঁদ কিংবা মঙ্গলে নিয়ে গিয়ে সেখানে ধীরে ধীরে তা সম্প্রসারণ করা। ফলে সীমিত payload-এর মধ্যেই তুলনামূলক বড় থাকার জায়গা তৈরি করা সম্ভব হতে পারে।
আরও দেখুন :- ‘পাণ্ডবেশ্বরে তৈরি হয়েছে শিল্পবান্ধব পরিবেশ’, বিনিয়োগের আহ্বান জিতেন্দ্র তিওয়ারির
ভবিষ্যতের এই বাসস্থানে মহাজাগতিক বিকিরণ, চরম তাপমাত্রা, বায়ুমণ্ডলহীনতা এবং অন্যান্য প্রতিকূল পরিবেশ থেকে সুরক্ষার পাশাপাশি জীবনধারণের প্রয়োজনীয় ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ পরিকাঠামোও থাকতে হবে।
শুভাংশুর মতে, আগামী কয়েক দশকের মহাকাশ অভিযানের প্রস্তুতি এখন থেকেই শুরু করা জরুরি। তাঁর ‘ভীম’ ভাবনা তাই শুধু একটি বাসস্থানের নকশা নয়, বরং পৃথিবীর বাইরে মানুষের ভবিষ্যৎ বসতির সম্ভাব্য প্রথম নীলনকশা।
