খনিজ মানচিত্রে নতুন সম্ভাবনা, ঝাড়গ্রামে ম্যাঙ্গানিজের সন্ধান

জেলা রাজ্য

অশোকনগরে তেলসম্পদের সম্ভাবনার পর এবার পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে জেলায় খনিজ মানচিত্রে নতুন আশার আলো। ওই জেলার বেশ কিছু এলাকায় ম্যাঙ্গানিজের সম্ভাব্য মজুতের সন্ধানে শুরু হতে চলেছে যৌথ অনুসন্ধান সমীক্ষা। সরকারি উদ্যোগে সিমুলপাল, বেগুনডিহা-সহ আশপাশের ম্যাঙ্গানিজসমৃদ্ধ এলাকাগুলিকে এই সমীক্ষার আওতায় আনা হয়েছে।

আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর সংশ্লিষ্ট এলাকাগুলিতে অনুসন্ধান চালাবে ভারতীয় ভূতাত্ত্বিক সমীক্ষা (GSI) এবং পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন ও বাণিজ্য নিগম। সমীক্ষায় ভূতাত্ত্বিক তথ্য সংগ্রহের পাশাপাশি মাটি ও শিলার নমুনা পরীক্ষা করা হবে। একই সঙ্গে এলাকায় ম্যাঙ্গানিজের বিস্তৃতি, গুণমান এবং সম্ভাব্য মজুত সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হবে।

আরও দেখুন :- ‘চাঁদ-মঙ্গলে মানুষের ঘর! ‘ভীম’ বানাচ্ছেন শুভাংশু শুক্লা

মূল লক্ষ্য, ঝাড়গ্রামের মাটির নীচে থাকা ম্যাঙ্গানিজের পরিমাণ কতটা এবং তা ভবিষ্যতে বাণিজ্যিকভাবে উত্তোলনের উপযোগী কি না, তা খতিয়ে দেখা। প্রাথমিক অনুসন্ধানের ফলাফল ইতিবাচক হলে পরবর্তী পর্যায়ে আরও বিস্তারিত ভূতাত্ত্বিক সমীক্ষা হতে পারে।

এই উদ্যোগ সফল হলে জঙ্গলমহলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। খনিজ উত্তোলন ঘিরে কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন এবং খনিজভিত্তিক শিল্পের প্রসারের সুযোগ তৈরি হতে পারে। তবে মজুতের পরিমাণ বা বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে এখনই সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। আগামী দিনের সমীক্ষা ও পরীক্ষার ফলাফলের দিকেই এখন নজর।