জাতীয় সড়কের টোল দুর্নীতি, কলকাতায় ইডির তল্লাশি

রাজনীতি রাজ্য

সাতসকালে ফের কলকাতায় ইডির অভিযান। বুধবার সকালে শহরের শেক্সপিয়র সরণির একটি আবাসনে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। জাতীয় সড়কে টোল আদায়কে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ। এর উপর ভিত্তি করেই তল্লাশি চালানো ইডি।

জানা গিয়েছে, লখনউয়ে দায়ের হওয়া একটি মামলার তদন্তের সূত্র ধরে পশ্চিমবঙ্গ-সহ দেশের সাতটি রাজ্যে একযোগে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মোট ১৪টি জায়গায় এই অভিযান চলছে বলে সূত্রের খবর। পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান-সহ একাধিক রাজ্যে ইডির আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছেন।

কলকাতার শেক্সপিয়র সরণির ওই আবাসনের তিন তলায় একটি অফিসে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। অভিযোগ, বিশেষ একটি সফটওয়্যার ব্যবহার করে জাতীয় সড়কে বেআইনি ভাবে টোল আদায় করা হয়েছিল। সেই বেআইনি লেনদেন এবং তার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতেই ইডির এই অভিযান।

ইডি সূত্রে খবর, তদন্তে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই দেশের বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। টোল বাবদ আদায় করা অর্থ কোথায় গিয়েছে, কীভাবে সেই টাকা লেনদেন হয়েছে এবং এর পিছনে কোনও সংগঠিত চক্র রয়েছে কি না— সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তল্লাশি শেষে কী কী তথ্য বা নথি ইডির হাতে আসে, তা নিয়ে এখন নজর রয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই মামলায় আরও কারও নাম সামনে আসে কি না, সেদিকেও নজর তদন্তকারীদের।