নিউজ পোল ব্যুরো: ১৪৪ বছরের দীর্ঘ ইতিহাসে দার্জিলিং হিমালয়ান রেল এক নজিরবিহীন সাফল্য অর্জন করেছে। সর্বকালের সব রেকর্ড ভেঙে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয়ট্রেন ২০২৫ সালে আয়ের নতুন মাইলফলক স্পর্শ করেছে। এই সাফল্যে খুশির হাওয়া পাহাড়জুড়ে, স্থানীয় বাসিন্দা থেকে পর্যটন ব্যবসায়ী সকলেই আনন্দিত। DHR কর্তৃপক্ষ পর্যটনমহল, হোটেল ব্যবসায়ী ও পাহাড়বাসীকে ধন্যবাদ জানিয়েছে এই ঐতিহাসিক সাফল্যের জন্য পর্যটক আকর্ষণ বাড়াতে এবার টয়ট্রেনের মধ্যেই Destination Wedding-এর মতো অনুষ্ঠান আয়োজনের ভাবনা চলছে। চার্টার্ড ট্রেন ভাড়া করে বিয়ে করা সম্ভব, আর ট্রেনের প্যান্ট্রি থেকে আগে অর্ডার করা খাবারের সুবিধাও মিলবে। পাহাড়ি বাঁকে-বাঁকে সাজানো এই অভিজ্ঞতা হবে এক অসাধারণ স্মরণীয় মুহূর্ত।
২০২৫ সালে DHR-এর আয় হয়েছে ২৪.৬ কোটি টাকা, যেখানে ২০২৪ সালে ছিল ২১.২ কোটি টাকা। অর্থাৎ প্রায় ১৬ শতাংশ বৃদ্ধি। এছাড়া পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে; ২০২৪ সালে ১,৭৪,০০০ জন পর্যটক টয়ট্রেন ব্যবহার করেছিলেন, ২০২৫ সালে সংখ্যা বেড়ে ২,১০,০০০ ছাড়িয়েছে।
গরমের ছুটির আগে চারটি নতুন Joy Ride পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত চলবে। নিউ জলপাইগুড়ি থেকে তিনধারিয়া পর্যন্ত বেসরকারি উদ্যোগে হেরিটেজ টয়ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে ব্রিটিশ আমলের স্টিম ইঞ্জিন পাহাড়ের বাঁকে-বাঁকে ছুটতে দেখা যাবে, যা পর্যটকদের জন্য আকর্ষণীয় হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল জানিয়েছেন, “করোনার পর টয়ট্রেনকে নতুনভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়ার ফলে আয় বৃদ্ধি পেয়েছে। তবে পরিষেবাকে আরও স্বাভাবিক ও নিয়মিত রাখতে পাহাড়ে আরও সহযোগিতা প্রয়োজন।”
