নিউজপোল ব্যুরো: নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পরই ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। প্রয়াত চন্দ্রনাথ রথের মা এদিন দাবি করেন, তাঁর ছেলের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। সেই তদন্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে পরিবার। একইসঙ্গে তাঁর বক্তব্যে উঠে আসে ‘ভাইপো গ্যাং’-এর প্রসঙ্গ।
মনোনয়ন পেশের আগে নন্দীগ্রামের রেয়াপাড়ার শিবমন্দিরে পুজো দেন হাসিরানি রথ। এরপর মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এসে তিনি বলেন, নন্দীগ্রামবাসী এবং দলের সংগঠনের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ের লক্ষ্য নিয়েই তাঁরা এগোচ্ছেন। তাঁর দাবি, ১ লাখ ১০ হাজারের বেশি ভোটে জিততে পারে বিজেপি।
আরও দেখুন:- নিঝুম রাতে প্রসূতিকে উদ্ধার, মানবিকতার নজির গড়ল ভূতনী থানার পুলিশ
ছেলের প্রসঙ্গে আবেগপ্রবণ হাসিরানি বলেন, সবকিছুর মধ্যেও তাঁর মনে গভীর শূন্যতা রয়েছে। চন্দ্রনাথ রথের মৃত্যুর ঘটনায় তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, তদন্তের অগ্রগতি এবং চার্জশিটের পরবর্তী বিষয়গুলির দিকে তাঁরা নজর রাখছেন।
পাশাপাশি ভবানীপুরের নির্বাচনী ফলের প্রসঙ্গ টেনে হাসিরানি দাবি করেন, ওই নির্বাচনে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত না হলে তাঁর ছেলের জীবন নিয়ে এমন পরিস্থিতি তৈরি হত না। এই প্রসঙ্গেই তিনি ‘ভাইপো গ্যাং’-এর অভিযোগ তোলেন।শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামে জয় নিশ্চিত বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন বিজেপি প্রার্থী।
