Pratik Ur Rahman: ‘সেলিমদা, ক্ষমা করে দিন’, তৃণমূলে যোগের সপ্তাহ পার হতেই কেন সুর বদলালেন প্রতীক উর? জল্পনা তুঙ্গে

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: সাম্প্রতিক সব জল্পনার ইতি টেনে কিছু দিন আগেই তৃণমূল কংগ্রেস-এ (TMC) যোগ দিয়েছেন ডায়মন্ড হারবারের পরিচিত মুখ প্রতীক উর রহমান (Pratik Ur Rahman)। তাঁর এই দলবদল বাম শিবিরে যে গভীর ধাক্কা দিয়েছে, তা স্পষ্ট। দীর্ঘদিন ধরে মাঠে-ময়দানে দলের হয়ে লড়াই করা এক নেতার আচমকা সরে যাওয়া মেনে নিতে পারছেন না অনেক বাম নেতা-কর্মী ও সমর্থক। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে ক্ষোভ উথলে উঠেছে কেউ সরাসরি আক্রমণ করছেন, কেউ আবার নীরব থাকাকেই বেছে নিচ্ছেন।

আরও পড়ুন: Naihati Boro Ma Temple : ১ মার্চ থেকে নৈহাটির বড়মা মন্দিরে স্থানীয়দের জন্য আলাদা গেট, লাইনে দাঁড়াতে হবে না দর্শনে

এই আবহেই এক সাক্ষাৎকারে নিজের অবস্থান কিছুটা নরম করে প্রতীক উর (Pratik Ur Rahman) প্রকাশ্যে ক্ষমা চান। তিনি জানান, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-এর (Muhammad Selim) সঙ্গে যদি মুখোমুখি দেখা হয়, তাহলে হাত ধরে ক্ষমা চাইবেন। তাঁর কথায়, এই সিদ্ধান্তে সহযোদ্ধা ও সমর্থকদের মনে যে কষ্ট লেগেছে, তা তিনি বুঝতে পারছেন।

উল্লেখ্য, রাজ্য ও জেলা কমিটির পদ ছাড়ার পর সিপিএম নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সংবাদ শিরোনামে উঠে আসেন প্রতীক উর (Pratik Ur Rahman)। সেই সময়ই তাঁর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়। গত ২১ ফেব্রুয়ারি আমতলায় আনুষ্ঠানিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি। এরপর থেকেই তাঁর বক্তব্য ও সিদ্ধান্ত নিয়ে চরম বিতর্ক শুরু হয়।

সমালোচনার জবাবে প্রতীক উর বলেন, দলের ভেতরের কিছু আচরণই তাঁকে এমন সিদ্ধান্তে পৌঁছতে বাধ্য করেছে। যদিও সেলিমকে ‘গব্বর সিং’ বলে কটাক্ষ করার প্রসঙ্গ টেনে এখন অনুতাপ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি টাকা নিয়ে দলবদলের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, তাঁর কাছে অর্থের অভাবই প্রমাণ করে যে তিনি কোনও লেনদেনের পথে হাঁটেননি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole