নিউজ পোল ব্যুরো:দিল্লি পুলিশের সরকারি চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee reaction) ক্ষোভে ফেটে পড়ে সরাসরি বিজেপিকে নিশানা করেছেন। রবিবার এক্স-এ পোস্ট করে তিনি স্পষ্ট ভাষায় জানান, এটি কোনও সাধারণ প্রশাসনিক ভুল নয়, বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত। তাঁর অভিযোগ, এই পদক্ষেপের মাধ্যমে বাংলাকে অপমান করে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও পরিচিতিকে কলঙ্কিত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/08/03/rg-kar-victim-nabanna-march-2024-no-invite-to-tmc/
অভিষেক বলেন, গত কয়েক মাস ধরে বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষদের লক্ষ্য করে একের পর এক হয়রানি, গ্রেফতার ও নিপীড়নের ঘটনা ঘটছে। দিল্লি পুলিশের এই সাম্প্রতিক মন্তব্য সেই বিদ্বেষকে আরও উস্কে দিয়েছে এবং নতুন মাত্রা যোগ করেছে। তিনি সংবিধানের দিকও তুলে ধরে বলেন— “ভারতের সংবিধানের ৩৪৩ নম্বর অনুচ্ছেদ ও অষ্টম তফসিল অনুযায়ী বাংলা একটি স্বীকৃত ভারতীয় ভাষা। ‘বাংলাদেশি ভাষা’ বলে কোনও ভাষার অস্তিত্বই নেই। বাংলাকে বিদেশি ভাষা বলা মানে আমাদের পরিচয়, সংস্কৃতি ও অস্তিত্বের উপর সরাসরি আক্রমণ।”
তৃণমূল সাংসদের অভিযোগ, বিজেপি দেশের বৈচিত্র্যকে সম্মান না করে বিভাজনের রাজনীতি করে। এই ঘটনাকে তিনি সেই মনোভাবেরই প্রতিফলন বলে দাবি করে মন্তব্য করেন— “এজন্যই আমরা বিজেপিকে ‘বাংলা-বিরোধী জমিদার’ বলি।”
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিষেক দাবি করেন, দিল্লি পুলিশের তদন্তকারী অফিসার অমিত দত্তকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। পাশাপাশি দিল্লি পুলিশ, বিজেপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
নিজের পোস্টের শেষাংশে অভিষেক (Abhishek Banerjee reaction) বাংলার গর্ব ও মর্যাদার প্রসঙ্গ টেনে লেখেন— “বাংলা ও বাঙালি— দুটোই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলা আমাদের গর্ব, আমাদের আত্মপরিচয়। এই পরিচয় মুছে ফেলার যে কোনও ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
