‘পাণ্ডবেশ্বরে তৈরি হয়েছে শিল্পবান্ধব পরিবেশ’, বিনিয়োগের আহ্বান জিতেন্দ্র তিওয়ারির

breakingnews জেলা রাজনীতি রাজ্য

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করলেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে এলাকায় ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পের হাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পপতিদের বিনিয়োগে উৎসাহিত করতে আগামী ২৭ সেপ্টেম্বর পাণ্ডবেশ্বরে শিল্প কনক্লেভের আয়োজন করা হচ্ছে।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জিতেন্দ্র তিওয়ারি দাবি করেন, রাজ্যে নতুন সরকার আসার পর শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তাঁর বক্তব্য, পাণ্ডবেশ্বরে একসময় শিল্প স্থাপনের ক্ষেত্রে নানা সমস্যা ও সংশয় থাকলেও বর্তমানে বিনিয়োগকারীদের জন্য শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। তোলাবাজি, হুমকি বা রাজনৈতিক চাপের মতো পরিস্থিতি নেই বলেও দাবি করেন তিনি।

এদিন ভিডিও বার্তার মাধ্যমে শিল্পপতিদের পাণ্ডবেশ্বরে বিনিয়োগের আহ্বান জানান বিধায়ক। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে আগ্রহীদের ২৭ সেপ্টেম্বরের কনক্লেভে অংশ নেওয়ার আবেদন জানানো হয়েছে।

সাংবাদিক বৈঠকে উখড়া চেম্বার অব কমার্স-সহ বিভিন্ন বণিকসভার প্রতিনিধি এবং শিল্পোদ্যোগীরা উপস্থিত ছিলেন। শিল্প স্থাপনে সরকারি অনুমোদন দ্রুত করতে সিঙ্গেল উইন্ডো ব্যবস্থার দাবিও ওঠে। শিল্পোদ্যোগীদের আশা, পরিকাঠামো ও সরকারি সহযোগিতা মিললে পাণ্ডবেশ্বরে আগামী দিনে আরও বিনিয়োগ আসবে।