বীরভূমের রামপুরহাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের এক সদস্যের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রামপুরহাটের কুসুম্বা গ্রামের বাড়ি থেকে বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি তৃণমূল নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস ধরে বৃষ্টি তাঁর বাপের বাড়িতেই থাকছিলেন। মঙ্গলবার সকালে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও তাঁর সাড়া না মেলায় পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করছে পরিবার। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরই স্পষ্ট হবে।
জানা যায়, বৃষ্টি বোলপুর হাইস্কুলে গ্রুপ-সি কর্মী হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম ‘অবৈধভাবে নিযুক্ত’ কর্মীদের তালিকায় ওঠে। পরবর্তীতে চাকরি হারান তিনি। পাশাপাশি স্বামীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলাও চলছিল। এক সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকছিলেন বৃষ্টি।
পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদের মধ্যে ছিলেন তিনি। চাকরি হারানো এবং পারিবারিক সমস্যার কারণে তাঁর উপর মানসিক চাপ আরও বেড়েছিল বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।
