ববি হাকিমের দুই সংস্থায় বিশেষ কমিশনের হানা, খতিয়ে দেখা হচ্ছে নথি

রাজনীতি রাজ্য

রাজ্যের রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য। তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা তথা প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, যিনি ববি হাকিম নামেও পরিচিত, তাঁর মালিকানাধীন দুই সংস্থায় বিশেষ কমিশনের হানা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

বৃহস্পতিবার দুপুরে নিউ আলিপুরের টালিগঞ্জ সার্কুলার রোড এলাকায় ববি হাকিমের দুই সংস্থা—‘হাকিম পলিমেকারস প্রাইভেট লিমিটেড’ (Hakim Polymakers Private Limited) এবং ‘হাকিম কেমিক্যালস’(Hakim Chemicals)-এর অফিসে আচমকাই তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন বিশেষ দুর্নীতি বিরোধী কমিশনের (Anti-Corruption Commission) তিন সদস্যের প্রতিনিধি দল এই অভিযানে নেতৃত্ব দেয়।

আরও দেখুন :-‘রাষ্ট্রবাদ-দেশপ্রেম হারিয়ে যেতে বসেছিল’, বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে সরব শুভেন্দু

সূত্রের খবর, দুই সংস্থার নামে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি অর্জন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি সংস্থাগুলির আর্থিক লেনদেন, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র এবং গুরুত্বপূর্ণ নথি পরীক্ষা করা হচ্ছে।

তদন্তকারীদের মূল লক্ষ্য, এই সংস্থাগুলির সঙ্গে কোনও আর্থিক অনিয়ম বা ক্ষমতার অপব্যবহারের যোগ রয়েছে কি না, তা যাচাই করা।অভিযানের সময় ববি হাকিম বা তাঁর পরিবারের কোনও সদস্য সেখানে উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে। তবে এই হাই-প্রোফাইল অভিযান ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। তদন্ত শেষে কী তথ্য সামনে আসে এবং কমিশন পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।