নিউজপোল ব্যুরো: যাত্রী নিয়ে গন্তব্যের দিকে এগোচ্ছিল কলকাতা থেকে শিলিগুড়িগামী একটি বেসরকারি বাস। কিন্তু ১২ নম্বর জাতীয় সড়কের ধারে তল্লাশি চালাতেই সামনে এল বড়সড় চমক। বাসের ভিতরে তিনটি বস্তা থেকে উদ্ধার হল প্রায় ৯৬ হাজার ‘স্প্যাসমো প্রক্সিভন প্লাস’ ক্যাপসুল। কাস্টমস সূত্রে খবর, উদ্ধার হওয়া ক্যাপসুলগুলির আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন কাস্টমস আধিকারিকরা। সেই মতো ১২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেলের কাছে শুরু হয় নাকা তল্লাশি। কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছায় কলকাতা থেকে শিলিগুড়িগামী বেসরকারি বাসটি। এরপর বাসটিকে থামিয়ে ভিতরে তল্লাশি চালাতেই যাত্রীদের ব্যাগপত্র রাখার জায়গায় থাকা তিনটি বস্তা থেকে উদ্ধার হয় বিপুল সংখ্যক ক্যাপসুল।
তল্লাশির সময় বাসের ভিতরে যাত্রীদের ব্যাগপত্র রাখার জায়গায় রাখা তিনটি বস্তা থেকে বিপুল সংখ্যক ক্যাপসুল উদ্ধার হয়। পরিমাণের নিরিখে এই উদ্ধারকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে উদ্ধার হওয়া ক্যাপসুলগুলি কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।
সাধারণত ব্যথানাশক ওষুধ হিসেবে পরিচিত এই ক্যাপসুল মাদক হিসেবেও অপব্যবহৃত হয়। বাসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, বস্তাগুলি শিলিগুড়ির কাউন্টারে নামানোর কথা ছিল। ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। উদ্ধার হওয়া সামগ্রী শুক্রবার এনডিপিএস আদালতে পেশ করার কথা।
