সৃজন ভট্টাচার্যের বাড়িতে পুলিশের তৎপরতা কেন,আসল ঘটনা কি ?

রাজনীতি

নিউজপোল ব্যুরো:  নির্বাচন কমিশনার কে ঘিরে রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই দিল্লিতে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে স্টুডেন্টস্ ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের প্রতিবাদের আবহে আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরের কর্মসূচিতে দেশের বিভিন্ন ছাত্র সংগঠনকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে তারা।

এসএফআইয়ের তরফে দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে। ইন্ডিয়া জোটের শরিক দলগুলির ছাত্র সংগঠনগুলির পাশাপাশি জোটের বাইরে থাকা সংগঠনগুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক অবস্থানের ভিন্নতা সরিয়ে রেখে ছাত্র সংগঠনগুলিকে এক মঞ্চে আনার লক্ষ্যেই এই উদ্যোগ।

এরই মধ্যে বৃহস্পতিবার রাতে দিল্লিতে এসএফআইয়ের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অফিসে পুলিশি হানার অভিযোগ তুলেছেন সংগঠনের নেতা সৃজন ভট্টাচার্য। সমাজমাধ্যমে প্রকাশিত এক ভিডিয়ো বার্তায় তিনি দাবি করেন, আগামী ১০ অক্টোবরের কর্মসূচিতে কতজন অংশ নেবেন এবং আন্দোলনে এসএফআইয়ের কী ভূমিকা থাকবে, তা জানতে পুলিশ অফিসে এসেছিল। ভোটাধিকার রক্ষার আন্দোলন থেকে ছাত্রদের দমিয়ে রাখা যাবে না। তাঁর স্পষ্ট বার্তা, ১০ অক্টোবর ছাত্ররা নিজেদের ভোটাধিকার রক্ষার দাবিতে আন্দোলনে অংশ নেবেন।

অন্যদিকে, ভোটাধিকার রক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা সমাজমাধ্যমে জানিয়েছেন আপ নেত্রী আতিশী। AISA-র সভাপতি নেহা বোরাও বিক্ষোভকারীদের আটকের পর ফের রাস্তায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন বলে খবর। এরপর এসএফআই, আইসা-সহ একাধিক ছাত্র সংগঠন বিক্ষোভে সামিল হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম নেত্রী বৃন্দা কারাতও।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের এই আন্দোলন ঘিরে দিল্লির রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।