নিউজপোল ব্যুরো: উপনির্বাচনের ভোটগণনায় প্রথম রাউন্ডে নন্দীগ্রাম ও রেজিনগর—দুই কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপি। শুক্রবার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তায় মধ্যে শুরু হয় গণনা। সকাল ৯টা নাগাদ নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথ এবং রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারভ সরকার ব্যবধান তৈরি করেছেন।
কমিশনের তথ্য অনুযায়ী, রেজিনগরে ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন শাখারভ। কংগ্রেস প্রার্থী আব্দুল্লাহিল কাফি পেয়েছেন ৫৮১টি ভোট। আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা ৪৪৬। অন্যদিকে, নন্দীগ্রামেও প্রায় ৯ হাজার ভোটে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে ছিলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। তবে গণনা চলায় এই ব্যবধান পরবর্তী রাউন্ডে বদলে যেতে পারে।
রাজ্যে পালাবদলের পর এই প্রথম উপনির্বাচন হওয়ায় রাজনৈতিক মহলে দুই কেন্দ্রের ফল নিয়ে আগ্রহ রয়েছে। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরের আসন ধরে রেখে নন্দীগ্রাম ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে, রেজিনগর ও নওদা—দুই কেন্দ্রেই জয়ী হয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। নওদার বিধায়ক হিসেবে শপথ নেওয়ায় রেজিনগরে উপনির্বাচন হচ্ছে।
এদিকে, রেজিনগরে এগিয়ে থাকার পর বড় ব্যবধানের প্রত্যাশা প্রকাশ করেন শাখারভ সরকার। তিনি ২০০১ সালের নির্বাচনে নন্দরানি ডলের বিপুল জয়ের ব্যবধানের প্রসঙ্গও টানেন। এখন নজর চূড়ান্ত ফলের দিকে।
