বিকাশরঞ্জনের বাড়িতে হামলা কি পরিকল্পিত? বোতল ছুড়ে হামলার ঘটনায় গড়িয়া থেকে গ্রেপ্তার অভিযুক্ত যুবক

breakingnews অপরাধ আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: ভোরের অন্ধকারে পুলিশের অভিযানে গ্রেপ্তার এক যুবক, আর তাঁকে ঘিরেই নতুন মোড় নিল সিপিএমের প্রাক্তন সাংসদ তথা প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার তদন্ত! ধৃতের নাম বাপ্পা গুছাইত। শুক্রবার ভোর ৪টে নাগাদ গড়িয়ার সাহা কালীবাড়ি এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পূর্ব যাদবপুর থানার পুলিশ। তবে এই হামলার পিছনে ঠিক কী কারণ রয়েছে এবং এর সঙ্গে আর কেউ যুক্ত কি না, তা এখনও স্পষ্ট নয়। সেই উত্তর খুঁজতেই তদন্ত চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে পূর্ব যাদবপুরে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ি লক্ষ্য করে বোতল ছোড়ার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মোটরবাইকে চেপে এক যুবক বাড়ির সামনে আসে। এরপর একটি সাদা পলিথিনের ব্যাগ থেকে একের পর এক বোতল বাড়ির দিকে ছুড়তে থাকে সে। এই ঘটনায় বাড়ির জানলার কাচ ভেঙে যায়। অল্পের জন্য রক্ষা পান বাড়ির এক সহায়িকা। ঘটনার পর থেকেই হামলাকারীকে চিহ্নিত করার চেষ্টা শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হামলার নিন্দা করে বলেন, ভিডিয়ো থেকেই বোঝা যাচ্ছে, আইনশৃঙ্খলার প্রতি হামলাকারীদের মনোভাব কতটা বেপরোয়া। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও এই ঘটনাকে কাপুরুষোচিত বলে মন্তব্য করেন। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। প্রথমে ৩২৪(৬), ১২৫, ৭৯, ৩৫২ ও ৩৫১(২) ধারায় মামলা করা হয়। পরে তদন্তের অগ্রগতির সঙ্গে আরও চারটি ধারা—২৩৮, ৩৩৬, ৩৩৭ ও ৩৪০ যুক্ত করা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও চূড়ান্ত কোনও তথ্য সামনে আসেনি।

এদিকে, বাড়িতে হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।  এ দিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র ধৃতের গ্রেপ্তারির কথা আদালতকে জানান। রাজ্যের তরফে আরও জানানো হয়, আইনজীবীদের উপর হামলার পৃথক ঘটনাগুলিতে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আদালতকে জানানো হয়েছে।