নিউজপোল ব্যুরো: আরজি করের নির্যাতিতার পরিবারের সামনে দাঁড়িয়ে অভয়া মামলায় বিচার নিশ্চিত করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের একটি সম্মেলনে যোগ দিয়ে তিনি জানালেন, দু’বছর আগের সেই ধর্ষণ-খুনের ঘটনায় বিচারপ্রক্রিয়া নিয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ‘গেরুয়া’, ‘হিন্দুত্ববাদ’ এবং সনাতন ধর্মকে অপমান করার অভিযোগ উঠলে কড়া পদক্ষেপের বার্তাও দেন তিনি।
এ দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন অভয়া মামলার নির্যাতিতার মা, যিনি বর্তমানে পানিহাটির বিজেপি বিধায়ক। মুখ্যমন্ত্রীর আগে মঞ্চে বক্তব্য রাখেন তিনিও। আরজি কর-কাণ্ডের সময় স্বাস্থ্যসচিবের দায়িত্বে থাকা নারায়ণস্বরূপ নিগমকে নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, আগের সরকারের আমলে ওই আধিকারিককে ঘিরে একাধিক অভিযোগ উঠেছিল। তা সত্ত্বেও বর্তমান সরকার তাঁকে একই পদে রেখে দিয়েছে কেন, সেই প্রশ্নও তোলেন পানিহাটির বিধায়ক। এর জবাবে শুভেন্দু অধিকারী জানান, সরকার দায়িত্ব নেওয়ার পরই আরজি কর-কাণ্ডের সময় দায়িত্বে থাকা তিন পুলিশ আধিকারিক—বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। বাকি বিষয়গুলিও দেখা হবে বলে আশ্বাস দেন তিনি। তবে নারায়ণস্বরূপ নিগমকে ঘিরে ওঠা অভিযোগ এবং তাঁর বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে এ দিনের বক্তব্যে বিস্তারিত কিছু জানাননি মুখ্যমন্ত্রী।
অভয়া মামলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্যের কথাও তুলে ধরেন শুভেন্দু। তিনি বলেন, দু’দিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘উই উইল ডু ইট’। সেই কথার সূত্র ধরেই মুখ্যমন্ত্রীর ঘোষণা, অভয়া মামলার ক্ষেত্রেও সরকার একই লক্ষ্য নিয়ে এগোবে। তাঁর কথায়, ‘অভয়া মামলার ক্ষেত্রেও বলছি, উই উইল ডু ইট।’আরজি করের সেই ভয়াবহ ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্যাতিতার পরিবার ও বিচার নিয়ে জনমানসে আগ্রহ রয়েছে। এই পরিস্থিতিতে হাসপাতালের সম্মেলন থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য নতুন করে বিষয়টিকে আলোচনায় নিয়ে এল। একদিকে ধর্ম ও রাজনৈতিক পরিচয় নিয়ে কড়া বার্তা, অন্যদিকে অভয়া মামলায় বিচার এবং প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস—দুই বিষয়েই এ দিনের বক্তব্য ঘিরে নজর থাকছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।
