নিউজপোল ব্যুরো: উৎসবের মরশুমে ফের মূল্যবৃদ্ধির ধাক্কা সাধারণ মানুষের উপর। একলাফে পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি জ্বালানি সংস্থা জিয়ো-বিপি। রবিবার, ১১ অক্টোবর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। এর ফলে গাড়ি ও বাইক চালানোর খরচ বাড়ার পাশাপাশি পরিবহণের ব্যয় নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
নতুন দর অনুযায়ী, জিয়ো-বিপির পাম্পে এখন পেট্রোল কিনতে লিটার প্রতি খরচ হচ্ছে ১০৯.৮০ টাকা। ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে লিটার প্রতি ৯৭.৭৫ টাকা। এর উপর বিভিন্ন রাজ্যে স্থানীয় কর যুক্ত হওয়ায় গ্রাহকদের আরও বেশি টাকা গুনতে হতে পারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল এবং পরিশোধিত জ্বালানির দাম বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থাটি।
উল্লেখযোগ্য বিষয়, গত ১০ দিনের মধ্যে দ্বিতীয়বার কোনও বেসরকারি সংস্থা পেট্রোল-ডিজেলের দাম বাড়াল। এর আগে ৩ অক্টোবর নায়ারা এনার্জি একইভাবে পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ৩ টাকা বৃদ্ধি করেছিল।
তবে আপাতত স্বস্তি রয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির গ্রাহকদের জন্য। ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল এবং এইচপিসিএল এখনও জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে। কিন্তু বেসরকারি সংস্থাগুলির পরপর মূল্যবৃদ্ধির পর সরকারি সংস্থাগুলিও দাম বাড়ানোর পথে হাঁটবে কি না, এখন সেদিকেই নজর সাধারণ মানুষের।
