Weather Update: উৎসবের আগে আবহাওয়ার ভোলবদল! বঙ্গোপসাগরে নিম্নচাপ, পুজোর কোন দিন বৃষ্টি হতে পারে বাংলায়?

আবহাওয়া

নিউজপোল ব্যুরো: পুজোর আনন্দে বৃষ্টির বাধা পড়বে কি না, এখন সেই প্রশ্নই ঘুরছে অনেকের মনে। উৎসবের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই আন্দামান সাগরে ঘনীভূত হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তবে স্বস্তির খবর, সম্ভাব্য নিম্নচাপটির অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে। ফলে পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ার আশঙ্কা কম। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোর দিনগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বুধবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। তবে শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমে ফের শুষ্ক আবহাওয়া ফিরতে পারে। সব মিলিয়ে, পুজোর আগে সাময়িক বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির আশঙ্কা কম বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।