চোরবাগান বিপর্যয় থেকে শিক্ষা নেওয়ার বার্তা, মাধবডিহিতে দাঁড়িয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: উৎসবের মরশুমে চোরবাগানের মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে একাধিক পরিবারে। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা যে কোনও ক্ষতিপূরণে পূরণ হওয়ার নয়, তা স্বীকার করে নিয়েই স্বজনহারা পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব বর্ধমানের মাধবডিহিতে গিয়ে বিপর্যয়ে মৃত সন্দীপ বেজ ও টগর বেজের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের সমবেদনা জানানোর পাশাপাশি প্রশাসনের দায়িত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু বলেন, মৃতদের ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানো এবং পরবর্তী দায়িত্ব পালন করা প্রশাসনের কর্তব্য। তাঁর কথায়, কোনও ঘটনা থেকেই শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথে এগোতে হয়।

এদিকে, চোরবাগান বিপর্যয়ের কারণ অনুসন্ধানে বিচারবিভাগীয় তদন্তের উদ্যোগ নিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী জানান, এ বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করার আবেদনও জানানো হয়েছে। তদন্ত কমিটিতে কলকাতা পুলিশ ও পুরসভাকে রাখা হয়নি বলেও জানান তিনি।

তদন্তের আগে ঘটনার কারণ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, উৎসবের আনন্দের মাঝেও স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়ানোই এখন প্রশাসনের অগ্রাধিকার। এই বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সতর্ক হওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।