চোরবাগান কাণ্ডের রেশ কাটেনি, তার মধ্যেই বিশ্ব বাংলা গেটে আগুন! দশমীর সন্ধ্যায় আতঙ্ক

কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর শেষলগ্নেও দুর্ঘটনার ছায়া। বিজয়া দশমীর সন্ধ্যায় নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের ঝুলন্ত রেস্তোরাঁয় আচমকা আগুন লাগার ঘটনায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। উৎসবের আনন্দের মধ্যেই এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষ।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, রেস্তোরাঁ থেকে আগুনের শিখা ও ধোঁয়া বেরোতে দেখা যায়। বিশ্ব বাংলা গেটের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় আগুন লাগায় পরিস্থিতি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। নিরাপত্তার কথা মাথায় রেখে বিশ্ব বাংলা গেট সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

দমকলের কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রেস্তোরাঁর ভিতরে থাকা অতিথি ও কর্মীদের নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

উল্লেখ্য, মহাসপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যুর ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই দশমীর সন্ধ্যায় বিশ্ব বাংলা গেটে অগ্নিকাণ্ড নতুন করে উদ্বেগ বাড়াল। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন পুলিশ ও দমকল আধিকারিকেরা।