নিউজ পোল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার ‘কালীঘাট অভিযান’-এর ডাক দিল রাজ্যের সরকারি কর্মীদের সংগঠনগুলি। ‘সংগ্রামী যৌথ মঞ্চ’-সহ একাধিক সংগঠনের উদ্যোগে এ দিন দুপুর ১টা নাগাদ মেট্রো চ্যানেল থেকে মিছিল শুরু হয়। লক্ষ্য ছিল কালীঘাট অভিমুখে পদযাত্রা করে বকেয়া ডিএ দ্রুত মেটানোর দাবি জানানো।
আরও পড়ুন: Election 2026: রাজ্যের অনুরোধে পিছোল কমিশনের বঙ্গ সফর, নতুন সূচি ঘোষণা বাকি
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দেয়, সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতার (ডিএ) ২৫ শতাংশ অবিলম্বে পরিশোধ করতে হবে। একই সঙ্গে বাকি ডিএ কীভাবে ও কবে দেওয়া হবে, তা নির্ধারণে চার সদস্যের একটি কমিটি গঠনের কথাও জানানো হয়। আদালত ৬ মার্চের মধ্যে সময়সীমা ও টাকার অঙ্ক নির্দিষ্ট করা এবং ৩১ মার্চের মধ্যে প্রথম কিস্তি দেওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি ১৫ এপ্রিলের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার কথাও উল্লেখ করা হয়।
তবে আন্দোলনকারীদের দাবি, আদালতের রায়ের পরেও বাস্তবে কোনও উদ্যোগ চোখে পড়েনি। সেই কারণেই এ দিনের কর্মসূচি। যদিও প্রশাসনের তরফে আগেই অনুমতি না থাকায় লিন্ডসে স্ট্রিটে ব্যারিকেড বসিয়ে মিছিল আটকানোর ব্যবস্থা করা হয়। আন্দোলনকারীরা ব্যারিকেড টপকাতে না পারেন, তা নিশ্চিত করতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
পাল্টা হিসেবে মেট্রো চ্যানেলেই অবস্থান বিক্ষোভে বসেন সরকারি কর্মীদের একাংশ। এর জেরে ধর্মতলা চত্বরে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ট্র্যাফিক কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ। তবে তাদের দাবি, পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ধর্মতলা এলাকায় উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।
