নিউজপোল ব্যুরো: পুরভোটের আগে রাজ্য রাজনীতিতে এখন অন্যতম আলোচনার বিষয় দলবদল। কোন দল কাকে প্রার্থী করবে, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। এরই মধ্যে দলবদল নিয়ে নিজের মত জানালেন দিলীপ ঘোষ। তাঁর মন্তব্য, ভোটের আগে দল পরিবর্তন করার প্রবণতা এখন অনেকটাই ফ্যাশনে পরিণত হয়েছে।
দিলীপ ঘোষের কথায়, “ভোট এলে অনেকেই চায় দলবদল করতে। এটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে।” অন্য দল থেকে কেউ বিজেপিতে আসতে চাইলে দল কী সিদ্ধান্ত নেবে, সেই প্রশ্নেও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।
তাঁর বক্তব্য, “রাজনৈতিক কর্মীরা পার্টি পাল্টাতে থাকে। পার্টিও প্রয়োজন অনুযায়ী নিয়েই থাকে। বিজেপি এত বড় হত কী করে, যদি সবাইকে না নিতাম আমরা। গণতন্ত্রে সবার এই অধিকার আছে। জনতাই শেষ কথা বলে।”
এদিকে, তৃণমূলের কয়েকজন কাউন্সিলরকে ঘিরে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়েছে। অনন্যা বন্দ্যোপাধ্যায় ও জুঁই বিশ্বাসের নামও উঠে আসছে আলোচনায়। তবে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই সম্ভাবনা মানতে চাননি। তাঁর মতে, ভোটাররা শুধু দলের প্রতীক বদল নয়, প্রার্থীর মধ্যেও পরিবর্তন চান। পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে বিজেপির অন্দরে আলোচনা চলার সম্ভাবনাও রয়েছে।
