নিউজপোল ব্যুরো: চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় প্রকৃত কারণ খুঁজে বের করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। কীভাবে এত বড় বিপর্যয় ঘটল, কোথায় ছিল গাফিলতি এবং এই ঘটনার জন্য কারা দায়ী—সব দিক খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করা হয়েছে। এই দলকে তিন মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দিতে হবে। তদন্তে সব রকম সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী ঘটনার যথাযথ তদন্তের জন্য বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের কথা বলেছিলেন। সেই অনুযায়ী মুখ্যসচিব মনোজ আগরওয়াল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লেখেন। এরপর অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরে রাজ্য সরকার ছয় সদস্যের এই SIT গঠন করে। সরকারি নির্দেশে মুখ্যসচিবের স্বাক্ষর রয়েছে। ১০টি গুরুত্বপূর্ণ দিক খতিয়ে দেখবে SIT। প্রথমেই ঘটনার সময়ক্রম, ভিড় কীভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এবং বিপর্যয়ের পিছনে কী কী কারণ ছিল, তা পরীক্ষা করা হবে। অতিরিক্ত ভিড়, আবহাওয়া, বৃষ্টি বা বজ্রপাত, বিদ্যুৎ চলে যাওয়া, গেটের ব্যবস্থাপনা এবং বেরনোর রাস্তার সংখ্যা—সবই তদন্তের আওতায় থাকবে।
পুজো কমিটি, পুলিশ, দমকল, হাসপাতাল, পুরসভা, বিদ্যুৎ সংস্থা এবং পূর্ত দফতরের ভূমিকা ও জরুরি পরিস্থিতিতে তাদের পদক্ষেপও খতিয়ে দেখা হবে। CCTV ফুটেজ, মোবাইলের ভিডিও, কলের তথ্য এবং চিকিৎসা সংক্রান্ত নথি পরীক্ষা করে ঘটনার ছবি স্পষ্ট করার চেষ্টা করবে SIT। ভিড় নিয়ন্ত্রণ ও বিপর্যয় মোকাবিলার পরিকল্পনা নিয়ম মেনে হয়েছিল কি না, কারও গাফিলতি ছিল কি না, নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের বিষয় এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকানোর ব্যবস্থাও তদন্তের তালিকায় রয়েছে। উত্তর কলকাতার সরু রাস্তায় বড় পুজোর ভিড় নিয়ন্ত্রণে প্রবেশ ও বেরনোর আলাদা পথ, দর্শনার্থীর সংখ্যা নির্ধারণ, CCTV এবং জরুরি সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েও সুপারিশ করতে পারে তদন্তকারী দল। চোরবাগানের মর্মান্তিক ঘটনার প্রকৃত কারণ, দায়িত্বে থাকা ব্যক্তি বা সংস্থার ভূমিকা এবং ভবিষ্যতে এমন বিপর্যয় ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন—SIT-এর রিপোর্টেই তার উত্তর খোঁজা হবে।
