দশমীর বিসর্জনে ডিজের দাপট কমল! ঢাক-তাসার ছন্দে ফিরল পুরানো সংস্কৃতি

রাজ্য

নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় শব্দদূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য পদক্ষেপ করলো রাজ্য প্রশাসন। দশমীর বিসর্জনে ডিজের দাপট কমাতে বিভিন্ন জেলায় পুলিশের কড়া নজরদারি দেখা গেল। তার জেরে বহু জায়গায় বিকট শব্দের বক্সের বদলে শোনা গেল ঢাক, তাসা ও ব্যাঞ্জোর পরিচিত ছন্দ। ফলে বিসর্জনের শোভাযাত্রায় ফিরল উৎসবের পুরনো আবহ, স্বস্তি পেলেন বহু বাসিন্দা।

দুর্গাপুজোয় এ বছর একাধিক বিধিনিষেধ কার্যকর করার উদ্যোগ নিয়েছিল প্রশাসন। অষ্টমীতে মদের দোকান ও পানশালা বন্ধ রাখার নির্দেশের পাশাপাশি ডিজে নিয়ন্ত্রণও ছিল বড় চ্যালেঞ্জ। ধর্মীয় উৎসবের সঙ্গে জড়িত কোনও সংস্কৃতিতে পরিবর্তন আনা সহজ নয়। তবু দশমীর বিসর্জনের প্রথম দিনেই সেই চ্যালেঞ্জ সামলানোর চেষ্টা দেখা গেল বিভিন্ন জেলায়।

দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং দুই বর্ধমানের একাধিক এলাকায় বিকেল থেকে রাত পর্যন্ত তুলনামূলক কম শব্দের ছবি সামনে এসেছে। কিছু জায়গায় অতিরিক্ত বক্স বাজানোর চেষ্টা হলেও প্রশাসনের নজরদারিতে তা নিয়ন্ত্রণ করা হয় বলে খবর।

হাওড়ার সালকিয়ার অবসরপ্রাপ্ত শিক্ষিকা অর্চনা দত্তগুপ্তের কথায়, গত ১০-১২ বছরের তুলনায় এবার বিসর্জনের শোভাযাত্রায় উৎপাত অনেকটাই কমেছে। হুগলির কোন্নগরের বাসিন্দা সমর বসাকও শব্দের তাণ্ডব কমায় স্বস্তি প্রকাশ করেছেন। এবার দীপাবলিতেও শব্দবাজি নিয়ন্ত্রণে একই রকম সক্রিয় ভূমিকা পালন করুক প্রশাসন, এমনটাই প্রত্যাশা বাসিন্দাদের।