প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! হাইড্রেনে আটকে গাড়ি, নিচে চাপা পড়ে যুবক

রাজ্য

নিউজপোল ব্যুরো: প্রতিমা নিরঞ্জনের সময় ভয়াবহ দুর্ঘটনা হুগলির ব্যান্ডেলের চুনিমিঁঞার ঘাটে। লাইন ভেঙে এগোতে গিয়ে একটি পিকআপ গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন শম্ভূ দে নামে এক যুবক। গাড়ির নিচে প্রায় আধ ঘণ্টা আটকে থাকার পর তাঁকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাঁকে কল্যাণী AIIMS-এ স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাত পর্যন্ত ঘাটে প্রতিমা নিরঞ্জন চলছিল। একের পর এক গাড়ি নির্দিষ্ট লাইন মেনে এগোচ্ছিল। সেই সময় একটি বারোয়ারি পুজোর পিকআপ গাড়ি লাইন ভেঙে ডান দিক দিয়ে এগোনোর চেষ্টা করে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শম্ভূ দে-কে ধাক্কা মারে গাড়িটি। এরপর গাড়ির ডান দিকের চাকা হাইড্রেনে আটকে যায়। নর্দমায় পড়ে গাড়ির নিচে চাপা পড়েন ওই যুবক।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও দমকলের চেষ্টায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মাথা, মুখ ও পিঠে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। ঘটনায় গাড়ি ও চালককে আটক করেছে পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। পুলিশের তরফে গাড়িটির ফিটনেস পরীক্ষা করার কথাও জানানো হয়েছে। দুর্ঘটনার জেরে নিরঞ্জন ঘাটে চাঞ্চল্য ছড়ায়।