Jagannath Temple: বাংলার ঘরে ঘরে আসছে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ, রথের আগেই শুভ বার্তা

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: রথযাত্রার (Rathyatra) আগেই বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) পবিত্র প্রসাদ। এক অভিনব উদ্যোগে এবার ভক্তদের বাড়ির দরজায় কড়া নাড়বে পেঁড়ার মিষ্টি গন্ধ আর গজার ঐতিহ্যবাহী স্বাদ।

আরও পড়ুন: Musk Vs Trump: দুই প্রভাবশালীর দ্বন্দ্বে উত্তপ্ত আমেরিকান রাজনীতি

দিঘায় নতুন তৈরি হওয়া জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন, “মন্দির শুধু এক ধর্মীয় স্থান নয়, এটি হবে রাজ্যের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। তাই এই মন্দিরের প্রসাদ বাংলার প্রতিটি পরিবারে পৌঁছবে।” সেই প্রতিশ্রুতি রূপ নিচ্ছে বাস্তবে।

আগামী ১৭ জুন থেকে শুরু হবে এই প্রসাদ বিতরণ। রাজ্যের প্রতিটি ব্লক, পুরসভা এবং গ্রাম পঞ্চায়েতে এই প্রসাদবাক্স পৌঁছে দেওয়া হবে। প্রতিটি বাক্সে থাকবে জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) একটি সুন্দর ছবি এবং দুই ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি, গজা ও পেড়া।

প্রসাদ তৈরির জন্য মান নির্ধারণ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। পেড়া হবে দুধ খোয়া, চিনি, এলাচ দিয়ে তৈরি, যার রঙ থাকবে হালকা হলুদ, ওজন ২০ গ্রাম, এবং গজাটি হবে খয়েরি রঙের, ময়দা ও ঘি দিয়ে তৈরি, ওজন ৬০ গ্রাম।

এই উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় এসডিও ও বিডিওদের। তাঁদের বলা হয়েছে, স্থানীয় ভালো মিষ্টির দোকান বাছাই করে প্রসাদ প্রস্তুতির ব্যবস্থা করতে। প্যাকেজিংয়ের কাজ করবে স্বনির্ভর গোষ্ঠীগুলি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

‘দুয়ারে রেশন’ প্রকল্পের মাধ্যমে এই প্রসাদ সরাসরি পৌঁছে যাবে সাধারণ মানুষের ঘরে। যারা এই প্রকল্পে অন্তর্ভুক্ত নন, তাদের জন্য থাকবে বিকল্প বিতরণ ব্যবস্থা। বিধাননগর এবং এনকেডিএ অঞ্চলের জন্য পৃথক ব্যবস্থা নেবে তথ্য ও সংস্কৃতি দপ্তর।