BJP: নাড্ডার উত্তরসূরি কে? জল্পনার অবসান শীঘ্রই, বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা আসন্ন

দেশ

নিউজ পোল ব্যুরো: সামনে লোকসভা নির্বাচন, তাই গতি বাড়াচ্ছে গেরুয়া শিবির। বিজেপি (BJP) এবার এক নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে। চলতি জুলাই মাসেই জে পি নাড্ডার (JP Nadda) উত্তরসূরির নাম ঘোষণা হতে চলেছে—এমনটাই গুঞ্জন নয় বরং দলীয় সূত্রের স্পষ্ট ইঙ্গিত।

আরও পড়ুন: West Bengal BJP president : রাজ্য বিজেপিতে পালাবদল সময়ের অপেক্ষা, শমীককে মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের

এরই মধ্যে বিজেপি-র (BJP) সাংগঠনিক রাজ্যগুলিতে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া পুরোদমে চলছে। ৩৭টি সাংগঠনিক রাজ্যের মধ্যে কমপক্ষে ১৯টি রাজ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই ঘোষিত হবে পরবর্তী সর্বভারতীয় সভাপতি। জানা গিয়েছে, মঙ্গলবারের মধ্যেই ১৯টি রাজ্যে নির্বাচন সম্পন্ন হয়ে যাবে। ইতিমধ্যেই পুদুচেরি (Puducherry) ও মিজোরামে (Mizoram) নতুন সভাপতি দায়িত্বভার গ্রহণ করেছেন। আরও কয়েকটি রাজ্যে যেমন কর্নাটক (Karnataka) ও মধ্যপ্রদেশেও (Madhyapradesh) আগামী কয়েক দিনের মধ্যেই সভাপতি নির্বাচনের ঘোষণা হতে চলেছে।

অন্যদিকে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ও ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে-র নাম সামনে এসেছে রাজ্য সভাপতি হিসেবে। উত্তরাখণ্ডে অবশ্য পুরনোকে ভরসা রেখে মহেন্দ্র সিং ঘাটিকেই আবার সভাপতি পদে বহাল রাখা হয়েছে। বিজেপির (BJP) সংবিধান অনুযায়ী সর্বভারতীয় সভাপতি নির্বাচনের আগে কমপক্ষে অর্ধেক সাংগঠনিক রাজ্যে সভাপতি নির্বাচন আবশ্যিক। এই শর্ত পূরণ হতে চলায়, রাজনৈতিক মহলের দৃঢ় বিশ্বাস নাড্ডার উত্তরসূরি কে হবেন, তার উত্তর মিলবে জুলাইয়ের তৃতীয় সপ্তাহেই। কারণ বাদল অধিবেশনের আগেই সভাপতি পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব।

অন্যদিকে, ৪ থেকে ৬ জুলাই দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত ও ক্ষেত্র প্রচারকদের তিনদিনব্যাপী গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই এই সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে দাবি সংঘঘনিষ্ঠ সূত্রের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির ভবিষ্যৎ রণকৌশলের দিকনির্দেশ এই নতুন সভাপতির হাত ধরেই নির্ধারিত হবে। তবে নাড্ডার (JP Nadda) পর এবার কে? এই প্রশ্নের উত্তর এখন আর খুব বেশি দূরে নয়। গেরুয়া শিবিরে আসতে চলেছে নতুন নেতৃত্ব, নতুন গতি এবং সম্ভবত এক নতুন কৌশলের বার্তা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT