নিউজ পোল ব্যুরো: ভারতের বুকে ঘটে যাওয়া একাধিক সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে উঠে এল অনলাইনের ব্যবহার। আর সেটা মোটেও সাধারণ নয়। ২০১৯ সালের পুলওয়ামা বিস্ফোরণ (Pulwama Attack) কিংবা ২০২২ সালে গোরক্ষপুর মন্দিরে হামলা! উভয় ক্ষেত্রেই এক আন্তর্জাতিক রিপোর্টে (FATF) উঠে এসেছে এক ভয়াবহ তথ্য: অ্যামাজনের (Amazon) মতো নামী ই-কমার্স (E Commerce) প্ল্যাটফর্ম ব্যবহার করেই বিস্ফোরক সরবরাহ করেছিল জঙ্গিরা!
আরও পড়ুন: Dilip Ghosh: দিল্লির পথে দিলীপ, গুঞ্জনের জল ঘোলা নয়—রাজনীতির পরবর্তী অধ্যায়ের প্রস্তুতি?
আন্তর্জাতিক আর্থিক গোয়েন্দা সংস্থা FATF (Financial Action Task Force)-এর সদ্য প্রকাশিত রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্যরা ভারতে হামলার জন্য যে আইইডি (IED) বিস্ফোরক ব্যবহার করেছিল, তা আরও ভয়ঙ্কর করে তোলে অ্যালুমিনিয়াম পাউডার। আর এই পাউডার কিনে আনা হয় অ্যামাজনের মতো প্ল্যাটফর্ম থেকেই। শুধু তাই নয়, গোরক্ষপুরে মন্দির হামলার ক্ষেত্রেও একই ধরনের উপকরণ অনলাইনে অর্ডার করে আনা হয়েছিল।
জঙ্গিরা তাদের পরিচয় গোপন রাখতে ভিপিএন-এর সাহায্যে অ্যামাজনে অর্ডার দিয়েছিল। এমনকি পেমেন্টের ক্ষেত্রেও তারা ব্যবহার করেছিল আন্তর্জাতিক ট্রানজাকশনের সুবিধা। FATF-এর রিপোর্ট অনুযায়ী, মোট ৪৪টি আন্তর্জাতিক লেনদেনের মাধ্যমে ভিপিএন সার্ভিস কেনা হয় এবং Paypl-এর মাধ্যমে প্রায় ৬.৭ লক্ষ টাকা পাঠানো হয় বিদেশি অ্যাকাউন্ট থেকে। এই সন্দেহজনক আর্থিক কার্যকলাপের ভিত্তিতে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, কিছু রাষ্ট্র সন্ত্রাসবাদকে আর্থিক, প্রশিক্ষণ ও পণ্য সরবরাহের মাধ্যমে সক্রিয়ভাবে মদত দিচ্ছে। যেমন, এক দেশে থেকে পাঠানো তেল, অন্য দেশে গিয়ে সোনা হয়ে যাচ্ছে—অবশেষে তা নগদ রূপে পৌঁছে যাচ্ছে জঙ্গিদের হাতে।
Financial Action Task Force-এর মতে, এখনকার জঙ্গি সংগঠনগুলি আগের তুলনায় অনেক বেশি ছদ্মবেশী এবং কৌশলী। কেন্দ্রীকৃত সিদ্ধান্ত নয়, বরং ছোট ছোট দলের মাধ্যমে তারা আঞ্চলিক স্তরে কাজ করছে। ভারতের ক্ষেত্রে, AQIS বা ‘আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ এই ধরনের ভয়ঙ্কর কাজ চালিয়ে যাচ্ছে। এমন চাঞ্চল্যকর তথ্য নতুন করে ভাবনায় ফেলেছে আন্তর্জাতিক মহলকে। অনলাইন দুনিয়া যে আজকের দিনে সন্ত্রাসের হাতিয়ার হয়ে উঠছে, তা যেন এই রিপোর্টে আরও একবার প্রমাণিত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
