নিউজ পোল ব্যুরো: বুধবার সকালবেলা স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিমানবন্দরে (Airport) তার উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। তবে সব গুঞ্জনের জল এখানে থেমে যায়নি বরং শুরু হতে পারে এক নতুন অধ্যায়।
দিলীপ ঘোষ (Dilip Ghosh) স্পষ্ট জানিয়ে দিলেন, “আমি অভিমান করে রাজনীতি করি না। এটা আমার কাছে চাকরি নয়, এটা মিশন।” সাম্প্রতিক সময়ের দলীয় অভ্যন্তরীণ টানাপোড়েন, সংগঠনের রদবদল সবকিছুর মধ্যেও দিলীপ ঘোষ যে দলের প্রতি একাগ্র, তা ফের বুঝিয়ে দিলেন।
রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, দিলীপ ঘোষ (Dilip Ghosh) দলবদল করতে পারেন, এমনকি তাকে নতুন কোনও রাজনৈতিক দল গঠনের কেন্দ্রীয় মুখ হিসেবেও ভাবা হচ্ছে। এসব জল্পনা উড়িয়ে দিয়ে দিলীপ বলেন, “যারা এসব রটিয়েছে, তারা নিজেরাই আজ অস্বস্তিতে। তারা ভাবছে এবার নতুন কী নাটক নামানো যায়!”
নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর সংগঠনে পুরনো ও নতুন সদস্যদের মিলিয়ে কাজ করার বার্তা দিয়েছেন। এই প্রসঙ্গে দিলীপের মন্তব্য, “পুরনোরা দলের মেরুদণ্ড। নতুনরা এসেছে, সবাই আদর্শ নিয়ে আসে না, কিন্তু দলে সবাইকে জায়গা দিতে হয়। পরিবেশ পজিটিভ রাখতে হবে।” তিনি আরও বলেন, “২০২১-এ পুরো জেতা না গেলেও আমরা অর্ধেক পৌঁছেছিলাম। এবার দলের কর্মীদের লক্ষ্যে ১০০ আসন। সেই লক্ষ্যেই এগোতে হবে।”
দিল্লি সফর প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, “দল থেকে কেউ ডেকেছেন বলেই যাচ্ছি। কারা ডেকেছেন তা এখন বলব না। দিল্লি যাওয়া এখন অনেকের ফ্যাশন, আমি কাজের জন্য যাচ্ছি।” এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষের পদক্ষেপ নতুন করে গতি আনবে কি না, তা দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল। তবে তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস—“আমি ডাকলে যাই, না ডাকলে সরে দাঁড়াই।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
