West Bengal Bandh: বামেদের বন্ধে রেল অবরোধ–সড়ক উত্তেজনা, পাল্টা ময়দানে তৃণমূল, রাজ্যজুড়ে রাজনৈতিক টানাপোড়েন

breakingnews কলকাতা জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বামপন্থী শ্রমিক সংগঠনগুলির ডাকা সর্বভারতীয় বনধকে (West Bengal Bandh) কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনার আবহ তৈরি হয়। দশটি জাতীয় শ্রমিক সংগঠনের ডাকে এই বনধে পশ্চিমবঙ্গ জুড়ে পথে নামে বাম দল ও শ্রমিক সংগঠনগুলির কর্মীরা। রেললাইন, সড়ক—কোনও কিছুই বাদ যায়নি আন্দোলনের আওতা থেকে।

আরও পড়ুন: Samik Bhattacharya: নিশানায় ২০২৬, দৌড় শুরু ‘পদ’ বাঁচাতে! শমীক যুগে বঙ্গ বিজেপিতে আসছে বড় রদবদল

উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া (Belgharia), বারাকপুর (Barrackpore), শ্যামনগর (Shyamnagar) স্টেশনে সকালে ট্রেন অবরোধ করেন বাম সমর্থকেরা। শিয়ালদহ (Sealdah) মেন লাইনের বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। ফলে সকাল থেকেই নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে। যাদবপুর সহ শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনেও রেল অবরোধের (Rail Blocked) চেষ্টা চলে। পুলিশ ও রেলপুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাওড়া (Howrah), হুগলি (Hooghly), ডোমজুড়, দক্ষিণ ২৪ পরগনা, হলদিয়া, দুর্গাপুর ও আসানসোল—এইসব জায়গায় বনধকে (West Bengal Bandh) ঘিরে বিক্ষোভ ও সংঘর্ষের চিত্র উঠে আসে। ডোমজুড়ে পথ অবরোধে পুলিশকে বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয়। হলদিয়াতেও একই দৃশ্য দেখা যায়।

বনধকে (West Bengal Bandh) কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণও স্পষ্ট হয়ে ওঠে। আসানসোলে বনধের সমর্থনে বাম শ্রমিক সংগঠনের মিছিলের মুখোমুখি হয় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র পাল্টা মিছিল। দুই পক্ষের মধ্যে বচসা, ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। উত্তেজনা চরমে পৌঁছায়, যখন এক বাম সমর্থক ট্রাক্টরের নিচে শুয়ে প্রতিবাদ জানাতে গিয়ে আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে বনধের তেমন প্রভাব পড়েনি। রেল ও বাস চলাচল মোটের উপর স্বাভাবিক ছিল। এই বনধে বামেদের তরফে শিল্পক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করা হয়। অন্যদিকে, তৃণমূল শাসিত রাজ্যে এই বনধকে “রাজনৈতিক ষড়যন্ত্র” বলে কটাক্ষ করেছে শাসকদল।