নিউজ পোল ব্যুরো: তারকাদের জীবন ঝলমলে হলেও, আড়ালের গল্প অনেক সময়েই রোমাঞ্চকর ও চমকপ্রদ। ঠিক যেমন ঘটেছে আলিয়া ভাটের (Alia Bhatt) ক্ষেত্রে। দীর্ঘদিনের বিশ্বাস, যিনি তার অর্থনৈতিক দায়িত্ব সামলাতেন, সেই প্রাক্তন সহকারীই নায়িকার টাকায় কোটি টাকার প্রতারণা করেছেন বলে অভিযোগ! একাধিক ভুয়ো বিল, পরিকল্পিত জালিয়াতি আর শেষমেশ পুলিশের হাতে গ্রেফতার!
জানা গিয়েছে, আলিয়ার (Alia Bhatt) প্রযোজনা সংস্থা (Eternal Sunshine Productions Pvt. Ltd)-এর কাছ থেকে প্রায় ৭৬ থেকে ৭৭ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বেদিকা (Vedika Shetty)। অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে জুহু পুলিশ। দীর্ঘ অনুসন্ধানের পর মঙ্গলবার বেঙ্গালুরু থেকে বেদিকাকে গ্রেপ্তার করা হয়।
সুত্রের খবর, বেদিকা বিগত দুই বছরেরও বেশি সময় ধরে আলিয়া ভাটের (Alia Bhatt) ব্যক্তিগত সহকারী ছিলেন। তার উপরেই ছিল অভিনেত্রীর অর্থনৈতিক লেনদেন এবং প্রযোজনা সংস্থার দৈনন্দিন কাজকর্মের দায়িত্ব। অভিযোগ, এই সময়েই একাধিক জাল বিলের মাধ্যমে বেদিকা কোম্পানির অ্যাকাউন্ট এবং আলিয়ার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেন। ২০২৪ সালেই আলিয়া ও বেদিকার পেশাগত সম্পর্ক শেষ হয়। তবে সম্প্রতি সন্দেহজনক আর্থিক লেনদেন নজরে আসতেই অভিনেত্রীর মা সোনি রাজদান জুহু (Juhu) থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্তে নামে মুম্বই পুলিশ।
তদন্তকারী অফিসারদের মতে, বেদিকা পরিকল্পিতভাবে ভুয়ো ইনভয়েস (Invoice) তৈরি করে বেশ কয়েক ধাপে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেন। বর্তমানে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং আরও কেউ এতে জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত আলিয়া ভাট বা তার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। অন্যদিকে, আলিয়া বর্তমানে ব্যস্ত রয়েছেন তার আসন্ন স্পাই-অ্যাকশন ছবি আলফা (Alpha)-এর শ্যুটিং নিয়ে। ছবিটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর, ২০২৫-এ। এছাড়াও রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান ওয়ার (Love & War), এবং জি লে জারা (Jee Le Zara)-র কাজেও নাম রয়েছে অভিনেত্রীর। এই ঘটনায় আরও কী উঠে আসে, তার দিকে নজর রাখছে গোটা বলিউড।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
