Archery World Cup: তীরন্দাজি বিশ্বকাপে মিক্সড ক্যাটাগরিতে রেকর্ড গড়লেন ভারতীয় যুগল

ক্রীড়া

শুভম দে: তীরন্দাজি বিশ্বকাপের (Archery World Cup) চতুর্থ তথা শেষ পর্বে দুরন্ত পারফরম্যান্স করল ভারত। স্পেনের মাদ্রিদে আয়োজিত এই প্রতিযোগিতার মিক্সড ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় কম্পাউন্ড তিরন্দাজ ঋষভ যাদব এবং জ্যোতি সুরেখা ভেন্নাম।

আরও পড়ুন: Mahendra Singh Dhoni: মাহি — যার শুরু আছে কিন্তু কোন‌ও শেষ নেই

কোয়ালিফায়িং রাউন্ডে (Archery World Cup) দু’জনে মিলে ১৪৩১ পয়েন্ট সংগ্রহ করেন। সঙ্গে ছিল ৭০টি ‘এক্স’ বা ‘বুলস আই’। এর আগে কোনও যৌথ কম্পাউন্ড জুটি এত বেশি পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। এতদিন এই বিশ্বরেকর্ড ছিল ডেনমার্কের তানজা গেলেনথিয়েন ও মাথিয়াস ফুলেরটনের নামে। ২০২৩ সালের ইউরোপীয় গেমসে ১৪২৯ পয়েন্ট পেয়ে রেকর্ড গড়েছিলেন তাঁরা। ২ পয়েন্টের জন্য তাঁদের পিছনে ফেলেছেন ঋষভ-জ্যোতি জুটি।

পুরুষদের ব্যক্তিগত কোয়ালিফায়িং বিভাগেও (Archery World Cup) সেরা হয়েছেন মাত্র ২২ বছর বয়সী ঋষভ। তিনি সংগ্রহ করেছেন ৭১৬ পয়েন্ট, যার মধ্যে ছিল ৩৫টি ‘এক্স’ (বুলস আই)। মহিলাদের বিভাগে জ্যোতি তাঁর নিজস্ব আন্তর্জাতিক ব্যক্তিগত সেরা পারফরম্যান্স ছাপিয়ে যান— ৭১৫ পয়েন্ট ও ৩৫টি ‘এক্স’-এর মাধ্যমে। দুজনেই ৭২ বারের মধ্যে ৬৮ বার ১০ পয়েন্ট স্কোর করেছেন। জ্যোতির এই পারফরম্যান্স ভারতের মহিলা দলকেও কোয়ালিফায়িংয়ে শীর্ষ স্থানে পৌঁছে দিয়েছে।

এই সাফল্যের পর ভারতীয় কম্পাউন্ড তিরন্দাজি শিবিরে বইছে আনন্দের হাওয়া। মিক্সড টিম বিভাগে এমন পারফরম্যান্স ভবিষ্যতের জন্য আশার আলো দেখাচ্ছে। বিশেষ করে অলিম্পিক্সকে লক্ষ্য রেখে ভারতীয় তিরন্দাজরা যে এগিয়ে চলেছেন, তার প্রমাণ মিলল মাদ্রিদে।

রেকর্ড গড়ে ঋষভ বলেন, “এই রেকর্ডটা আমাদের কাছে স্পেশাল কারণ এবার অলিম্পিক্সে মিক্সড টিম ইভেন্ট যুক্ত হয়েছে, আর আমরা ছোট ছোট সাফল্য নিয়েই এগিয়ে চলেছি। লোকে অনেক কিছু বলে কিন্তু আমি জানি আমাকে কী করতে হবে। ফ্লোরিডাতেও সোনা জিতেছিলাম আমরা। জ্যোতির সঙ্গে জুটি বেঁধে খেলা দারুণ অভিজ্ঞতা।”

অন্যদিকে জ্যোতি বলেন, “বছরভর ভাল খেললেও কোথাও যেন পিছিয়ে পড়ছিলাম। কিন্তু এদিন সকালে অনুশীলন থেকেই আশাবাদী ছিলাম ভাল কিছু করবো। শেষমেশ নিজের সেরাটা দিতে পেরেছি। এইভাবে আগামী দিনেও ভাল খেলতে চাই।“

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=p1afHpHJWa5-cEhQ

বিশ্ব মঞ্চে এই সাফল্যের ফলে ভারতীয় দল এখন পয়েন্ট টেবিলে (Archery World Cup) সবার ওপরে। এবার লক্ষ্য, এই ছন্দ ধরে রেখে পদক ঘরে তোলা। এই পারফরম্যান্স নতুন করে আশার আলো দেখাচ্ছে ভারতের কম্পাউন্ড তিরন্দাজি ভবিষ্যতের জন্য। এশিয়ান গেমস, বিশ্বচ্যাম্পিয়নশিপ ও আগামী অলিম্পিককে সামনে রেখে এই জয় নিঃসন্দেহে বড় বার্তা।