নিউজ পোল ব্যুরো: ওজন কমানো (Weight Loss) বা নিয়ন্ত্রণে রাখার জন্য অনেকেই কঠিন ডায়েট বা উপোস করার পথে হাঁটেন, যা শরীরের ক্ষতি ডেকে আনতে পারে। স্বাস্থ্যকর ভাবে ওজন কমাতে গেলে প্রয়োজন সঠিক সময়ে সঠিক খাবার খাওয়া। দিনের শুরুতেই পুষ্টিকর এবং হালকা খাবার খেলে সারা দিন শরীরে শক্তি বজায় থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতাও অনেক কমে। এমনই একটি সহজ, সস্তা ও উপকারী খাবার হল—সব্জি দিয়ে তৈরি গরম স্যুপ।
আরও পড়ুন:Recipe: পাউরুটি আর দই–চমৎকার এক জলখাবারের জুটি
এই স্যুপ তৈরিতে প্রয়োজন হয় বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন এবং টম্যাটোর মতো সব্জি—যা ফাইবার, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। সকালের জলখাবারে এক বাটি এই স্যুপ খেলে শুধু দীর্ঘ ক্ষণ পেট ভরে থাকে না, বরং বিপাকক্রিয়া উন্নত হয় এবং মেদ ঝরাও সহজ হয়। এতে অতিরিক্ত চর্বি বা ক্যালোরি নেই, তাই ওজন কমাতে এটি অত্যন্ত কার্যকর।
কাদের জন্য উপকারী?
ডায়াবেটিস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস), থাইরয়েড কিংবা হরমোনজনিত ওজন বাড়ার সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য এই স্যুপ আদর্শ। কারণ এতে কোনো প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট নেই, ফলে রক্তে শর্করার মাত্রা বাড়ে না এবং ইনসুলিনের ভারসাম্য বজায় থাকে।
প্রস্তুত প্রণালী ও উপকরণ:
এক কাপ কুচনো বাঁধাকপি, একটি করে কুচনো গাজর, ক্যাপসিকাম ও পেঁয়াজ, দুটি রসুন কোয়া, এক চা চামচ অলিভ অয়েল, একটি টম্যাটোর পিউরি, স্বাদমতো নুন ও গোলমরিচ লাগবে।
একটি কড়াইয়ে অলিভ অয়েল গরম করে তাতে পেঁয়াজ ও রসুন দিয়ে হালকা ভেজে নিন। একে একে বাকি সব্জি দিন, টম্যাটো পিউরি মেশান, জল দিয়ে ঢেকে দিন। সেদ্ধ হয়ে গেলে গোলমরিচ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
বাঁধাকপির উপকারিতা:
বাঁধাকপিতে থাকে ক্যালশিয়াম, ফসফরাস ও সোডিয়াম—যা হাড়ের গঠন মজবুত করে। নিয়মিত বাঁধাকপি খেলে বার্ধক্যজনিত হাড়ের ক্ষয়ের আশঙ্কা কমে। এটি হজমের জন্যও ভালো এবং ফ্যাট বার্নিং প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
ওজন কমাতে (Weight Loss) বা নিয়ন্ত্রণে রাখতে সকালের খাবারে এই স্যুপ রাখলে উপকার মিলবে দ্রুত। এটি শুধু মেদ কমায় না, বরং শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। যাঁরা কর্মব্যস্ত জীবনে ঝটপট স্বাস্থ্যকর খাবার খুঁজছেন, তাঁদের জন্য এটি এক আদর্শ সমাধান। নিয়মিত অভ্যাস করলে ওজন কমানোর পাশাপাশি শরীর ও মনের সার্বিক সুস্থতা বজায় থাকবে সহজেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
