নিউজ পোল ব্যুরো: ২০১৮-র MeToo আন্দোলনের অন্যতম মুখ তনুশ্রী দত্ত (Tanushree Dutta) ফের সংবাদ শিরোনামে। সম্প্রতি অভিনেত্রী একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, তিনি গত কয়েক বছর ধরে তার নিজের বাড়িতেই হয়রানির শিকার হচ্ছেন। ভিডিওতে চোখের জল ধরে রাখতে পারেননি তনুশ্রী। বলেন, “বন্ধুরা, আমার নিজের ঘরেই আমাকে হেনস্থা করা হচ্ছে। আমি পুলিশকে ফোন করেছি, ওরা থানায় অভিযোগ করতে বলেছে।”
তিনি জানান, ২০১৮ সালে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনার পর থেকেই তাঁর উপর চাপ ও হেনস্থা বেড়েছে। এই ঘটনার মানসিক চাপ তাঁর শরীরেও প্রভাব ফেলেছে। “গত ৪-৫ বছর ধরে আমাকে এতটাই হয়রানি করা হয়েছে যে আমার শারীরিক অবস্থাও খারাপ হয়েছে,” বলেন অভিনেত্রী। তনুশ্রী (Tanushree Dutta) আরও বলেন, তাঁর বাড়িতে গৃহকর্মী রাখতে পারছেন না, কারণ আগের কর্মীরা চুরি ও অসদাচরণ করেছেন। এমনকি ছাদের উপর ও দরজার বাইরে প্রতিদিন বিকট শব্দ ও আঘাতের আওয়াজ শুনতে পাচ্ছেন বলে অভিযোগ। “২০২০ সাল থেকে প্রায় প্রতিদিন এই শব্দ শুনছি। আমি কর্তৃপক্ষের কাছে বহুবার অভিযোগ করেছি, কিন্তু কোনও লাভ হয়নি,” জানান তিনি।
অভিনেত্রী (Tanushree Dutta) দাবি করেন, তিনি এখন ক্রনিক ফ্যাটিগ সিনড্রোমে ভুগছেন এবং মানসিক স্থিতি বজায় রাখতে ‘হিন্দু মন্ত্র’ জপ করেন। তিনি জানান, সমস্ত ঘটনার বিস্তারিত তথ্য নিয়ে থানায় এফআইআর দায়ের করবেন। প্রসঙ্গত, ২০১৮-তে তনুশ্রী দত্ত নানা পাটেকর ও বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন, যা ভারতীয় চলচ্চিত্র জগতে “MeToo” আন্দোলনের সূত্রপাত ঘটায়। এই কঠিন সময়ে বহু মানুষ তাঁর সাহসকে কুর্নিশ জানিয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
