England vs India: ইশান কিষাণ নয়, পন্থের জায়গায় দলে আসছেন অন্য ক্রিকেটার

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ম্যানচেস্টার টেস্টে (England vs India) বড় ধাক্কা খেয়েছে ভারত। চতুর্থ টেস্টের মাঝপথে ডান পায়ের বুড়ো আঙ্গুলে গুরুতর চোট পেয়ে ছিটকে গিয়েছেন সহ-অধিনায়ক ঋষভ পন্থ। বুধবার প্রথমদিন ব্যাট করার সময় তাঁর ডান পায়ে ক্রিস ওকসের ইয়র্কার এসে লাগে। তারপরেই যন্ত্রণায় মাঠেই লুটিয়ে পড়েন ভারতীয় উইকেটরক্ষক। বৃহস্পতিবার স্ক্যান রিপোর্টে চিড় ধরা পড়েছে তাঁর আঙুলের হাড়ে। ফলে আর পঞ্চম টেস্টে তাঁর পক্ষে খেলা সম্ভব নয়। অন্তত ছ’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

আরও পড়ুন: Rishabh Pant: ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন আহত পন্থ, ৬ সপ্তাহ মাঠের বাইরে

এই পরিস্থিতিতে পঞ্চম টেস্টের জন্য (England vs India) দ্রুত বিকল্পের খোঁজে নামেন নির্বাচকরা। প্রাথমিকভাবে ইশান কিষাণের নাম শোনা গেলেও তাঁকে পাওয়া যাবে না বলে জানা যাচ্ছে। অবশেষে তামিলনাড়ুর নারায়ণ জগদীশনকে (N Jagadeesan) জরুরি ভিত্তিতে দলে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সরকারিভাবে বিসিসিআইয়ের তরফে এখন‌ও কিছু জানানো হয়নি। তামিলনাড়ুর এই উইকেটকিপার-ব্যাটার দুর্দান্ত ফর্মে আছেন। ঘরোয়া মরশুমে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন তিনি। শুধু তাই নয়, সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তিনি নির্বাচকদের নজর কেড়েছিলেন অনেক আগেই।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, ইংল্যান্ডে চলতি অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (England vs India) বাকি ম্যাচগুলোতে জগদীশন দলে যোগ দেবেন এবং উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন। যদিও বড় প্রশ্ন— পন্থের বিকল্প হিসাবে অভিজ্ঞতার ঘাটতি মেটাতে পারবেন কি না এই তরুণ কিপার।

ভারতের বর্তমান পরিস্থিতি বেশ কঠিন। ৫ টেস্টের সিরিজে ২-১ -এ এগিয়ে আছে ইংল্যান্ড। এই অবস্থায় পন্থের চোট ভারতীয় ব্যাটিং অর্ডারকে কার্যত সমস্যায় ফেলে দিয়েছে। টিম ম্যানেজমেন্ট জগদীশনের ওপর পূর্ণ আস্থা রাখলেও, ইংল্যান্ডের পেস আক্রমণের বিরুদ্ধে পছন্দের জায়গা কতটা ভরাট করতে পারেন তিনি সেটাই এখন দেখার।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=h72WZc78JgvKJF47

প্রথম শ্রেণীর ক্রিকেটে জগদীশন এক নজরে:

ম্যাচ: ৫২
রান: ৩৩৭৩
গড়: ৪৭.৫০
অর্ধশতরান: ১৪
শতরান: ১০