Rishabh Pant: ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন আহত পন্থ, ৬ সপ্তাহ মাঠের বাইরে

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ম্যাঞ্চেস্টার টেস্টে নেমেছিলেন ঠিকই, কিন্তু আবারও চোট পেয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। চোট-আঘাত যেন পিছু ছাড়ছে না ভারতীয় উইকেট-রক্ষকের। বুধবার চতুর্থ টেস্টের প্রথম দিন ৭৮তম ওভারে ক্রিস ওকসের একটি ইয়র্কার বল ব্যাটে লেগে সোজা গিয়ে আঘাত হানে তাঁর ডান পায়ের গোড়ালির নিচে। মুহূর্তের মধ্যেই যন্ত্রণায় কাতর হয়ে পড়েন পন্থ। ফিজিওর প্রাথমিক চিকিৎসার পরও ব্যথা না কমায় স্ট্রেচারে করে মোবাইল অ্যাম্বুলেন্সে তুলে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। আর এবার পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন তিনি।

আরও পড়ুন: Rishabh Pant: ওল্ড ট্র্যাফোর্ডে বড় ধাক্কা, চোট পেয়ে মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

চিকিৎসকদের মতে, ‘মেটাটারসাল ফ্র্যাকচার’ হতে পারে তাঁর (Rishabh Pant)। পায়ের পাতার পাঁচটি হাড়ের কোনও একটিতে চিড় ধরেছে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি অস্ত্রোপচার প্রয়োজন হয়, তাহলে শুধু এই টেস্ট নয়, পুরো সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন তিনি এমনটা জানা গিয়েছিল আগেই। এমনকি অস্ত্রোপচার না হলেও পায়ের ওপর চাপ কমিয়ে বিশেষ চিকিৎসা এবং প্রায় ৬ সপ্তাহ বিশ্রাম নিতে হবে তাঁকে।

গাড়ি দুর্ঘটনার মতো ভয়ঙ্কর চোট কাটিয়ে মাঠে ফেরা পন্থের (Rishabh Pant) এই নতুন আঘাত উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। রবি শাস্ত্রী এবং রিকি পন্টিং দু’জনেই চোটের গভীরতা নিয়ে উদ্বিগ্ন। পন্টিংয়ের মতে, প্রথম ফোলাটাই ভয় ধরিয়ে দিয়েছে, কারণ তিনি নিজে মেটাটারসাল চোটে ভুগেছেন এবং জানেন এ ধরনের চোট কতটা সমস্যার।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=h72WZc78JgvKJF47

এর আগে লর্ডস টেস্টেও উইকেট কিপিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন পন্থ। তবুও ব্যাট হাতে নেমেছিলেন দ্বিতীয় ইনিংসে। কিন্তু এবার চোট এতটাই গুরুতর যে তাঁর পক্ষে আর মাঠে নামা সম্ভব নয়। যদিও বৃহস্পতিবার সকালে পন্থকে থ্রো-ডাউন নিতে দেখা যায়। পেইন কিলার ওষুধ ইনজেকশন দিয়ে যদি তাঁকে একবার নামানো যায় সেই শেষ চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। তবে আশা একেবারেই ক্ষীণ। সূত্রের খবর পঞ্চম টেস্টের জন্য ইশান কিষাণকে দলে নেওয়া হবে। আর চলতি ম্যাচে ধ্রুব জুয়েল কিপিংয়ের দায়িত্ব সামলাবেন। তবে ব্যাট করতে পারবেন না তিনি। অর্থ্যাৎ এক ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হবে গিলদের। সিরিজ বাঁচানোর লড়াইয়ে আর‌ও ভাঁজ বাড়লো গুরু গম্ভীরের কপালে।